নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্টি ও সরকারের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্মণরেখা থাকবে। মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার কাজ শুরুর আগে শুভেন্দু অধিকারীকে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গত শুক্রবার নিউ টাউনে কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে, সূচনাতেই এই সুর বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, তৃণমূল জমানায় প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। সেই সুযোগে দুর্বৃত্তেরা রাজনীতির ময়দানে ঢুকে পড়েছিল। সেই সুরেই এদিন শমীক বলেন, সরকার সরকারের মতো চলবে। আর দল দলের মতো। এটি কোনো বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিভিন্ন জনমুখী কেন্দ্রীয় প্রকল্পগুলি কীভাবে দ্রুত বাংলায় কার্যকর করা যায়, সেই বিষয়ে সরকারের সঙ্গে দল সহযোগিতা করেব।



