নয়াদিল্লি ও মুম্বই: ভারতের নাগরিক নন! তার পরেও জ্ঞানেশ কুমার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন অভিনেতা ইমরান খান। ‘শাস্তিস্বরূপ’ তাঁকে ভারত ছাড়ার নোটিস ধরাল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, আমির খানের ভাগ্নে ইমরান আমেরিকার নাগরিক। তাই মুম্বইয়ের আন্দোলনে যোগ দিয়ে তিনি অভিবাসন ও বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। সেই কারণে বৃহস্পতিবার ‘লিভ ইন্ডিয়া নোটিস’ (এলআইএন) জারি হয়েছে। তাতে ২৮ অক্টোবরের মধ্যে অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। যদিও এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। আজ, শুক্রবার বা আগামী সোমবার আইনজীবী জুলফিকার মেমোনের মাধ্যমে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ইমরান।
জানা গিয়েছে, আমির খানের ভাগ্নে বর্তমানে আমেরিকার নাগরিক। তাঁর ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। ভারতে দ্বৈত নাগরিকত্বের সুবিধা নেই। তাই ভারতীয় বংশোদ্ভূতদের এই কার্ড দেওয়া হয়। এতে ভোটাধিকার নেই। তবে দেশে আসা-যাওয়া, কাজকর্ম, পড়াশুনোর ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা মেলে। গত ১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ পার্টির বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমরান। তাঁকে আটকও করা হয়। ভারতীয় না হয়েও ইমরানের আন্দোলনে যোগ নিয়ে থানায় অভিযোগ জানান বিজেপি নেতা কিরিট সোমাইয়া। অন্যদিকে, বিক্ষোভস্থল থেকে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে ইমরানকে আটক করা হয়। গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। এবার সরাসরি অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দিল প্রশাসন।


