পুজোর আবহ থেকে অনেক দূরে পার্থ, ববি, অরূপ আর অতীনরা, ব্যতিক্রম কুণাল ও শোভনদেব
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চেতলা অগ্রণী ববির পুজো। সুরুচি সংঘ অরূপ বিশ্বাসের। নাকতলা উদয়ন সংঘ পার্থ চট্টোপাধ্যায়ের। শ্রীভূমি সুজিত বসুর। হাতিবাগান সর্বজনীন অতীন ঘোষের। রাজডাঙ্গা নব উদয়  সংঘ স্বরূপ ঘোষের—উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক বিগ বাজেটের সেরা পুজোগুলি গত বছর পর্যন্ত পরিচিত ছিল এভাবেই। তৃণমূল নেতার নামের পুজো হিসেবেই। কিন্তু মাত্র একটি বছরের পার্থক্যে যাবতীয় কিছুর পরিবর্তন। বিগত বেশ কিছু বছর ধরে তৃণমূলের যে সমস্ত নেতারা প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন, আজ তাঁরাই পুজোর আবহ থেকে অনেক দূরে।

Advertisement

কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম লেকটাউনের শ্রীভূমির দুর্গাপুজো। বিগত বেশ কিছু বছর তৃণমূল নেতা সুজিত বসুর নামেই এই পুজো অতিবাহিত হয়েছে। বর্তমানে সুজিত জেলবন্দি। এবছর শ্রীভূমির পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিজেপি নেতা কনক দেবনাথ। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো হাতিবাগান সর্বজনীন। এই পুজোর সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু এ বছর পুজোয় তাঁকে তেমনভাবে পাওয়া যাচ্ছে না। মমতা তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, এই দোটানায় রাজনৈতিক পরিবেশ থেকে অতীন যেন অনেকটা দূরত্ব বজায় রেখে চলছেন।
দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো চেতলা অগ্রণী। এপুজো বরাবর পরিচিত হয়ে এসেছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববির পুজো হিসেবেই। কিন্তু এবার পুজোর আবহ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ববি। ববির সঙ্গেই দক্ষিণ কলকাতা পুজোর অন্যতম সেরা উদ্যোক্তা হিসেবে নাম উচ্চারিত হত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। সুরুচি সংঘের দুর্গাপুজো মানেই অরূপ আর তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। এবার সুরুচি সংঘের পুজো আয়োজনের প্রধান উদ্যোক্তা বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। আয়োজনস্থলের ত্রিসীমানায় নেই অরূপ। 
একসময়ে নাকতলা উদয়ন সংঘের প্রধান উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাড়িতেই রয়েছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর বাড়ির বাইরে তেমন বের হননি পার্থ। কার্যত সম্পর্ক চুকেছে উদয়ন সংঘের পুজো আয়োজনের সঙ্গে। নাকতলা উদয়ন সংঘের পুজোর প্রধান উপদেষ্টা এবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। অন্যদিকে রাজডাঙা নব উদয় সংঘ একটা সময় তৃণমূল নেতা সুশান্ত ওরফে স্বরূপ ঘোষের পুজো হিসেবেই পরিচিত ছিল। এবছরই এই পুজো বিজেপি নেত্রী কেয়া ঘোষের হাত দিয়ে পরিচালিত হচ্ছে।
তবে ব্যতিক্রম একজনই মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর দুর্গাপুজোয় ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। এবছর রামমোহন সম্মিলনীর থিম ‘উত্তম একাই ১০০’। কিংবদন্তী অভিনেতা উত্তম কুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য। নিজের পাড়া, নিজের এলাকা, নিজের বিধানসভা কেন্দ্রের পুজোগুলিতে স্বমহিমায় দেখা যাচ্ছে কুণালকে। আর রয়েছেন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। হাজরা পার্ক থেকে আদি বালিগঞ্জ সর্বজনীন, অনেক পুজোয় তাঁকেআগের মতোই স্বমহিমায় দেখা যাচ্ছে।