Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় শহরের একাধিক রাস্তায় পার্কিং বন্ধ চলবে যান নিয়ন্ত্রণ  তৃতীয়া থেকেই রাস্তা সামলাতে নামছে লালবাজার

পুজোয় শহরে যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিল লালবাজার। তৃতীয়া থেকেই শহরে যান নিয়ন্ত্রণ শুরু করবে ট্রাফিক বিভাগ

পুজোয় শহরের একাধিক রাস্তায় পার্কিং বন্ধ চলবে যান নিয়ন্ত্রণ  তৃতীয়া থেকেই রাস্তা সামলাতে নামছে লালবাজার
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোয় শহরে যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিল লালবাজার। তৃতীয়া থেকেই শহরে যান নিয়ন্ত্রণ শুরু করবে ট্রাফিক বিভাগ। বাড়তি ফোর্স মোতায়েন করা হবে সেদিন থেকেই। একইসঙ্গে, ওই দিন থেকে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় পার্কিং সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বলে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগ। তাতে বলা হয়েছে, মহালয়ার দিনেও গঙ্গার ঘাট সংলগ্ন বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এই যান নিয়ন্ত্রণ জারি থাকবে বিসর্জনের দিনগুলিতেও। 

Advertisement

ট্রাফিক বিভাগ জানিয়েছে, ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ওই সময়ে যে সব গাড়ি কুমোরটুলিতে প্রতিমা আনতে যাবে, সেগুলিকে রবীন্দ্র সরণির দিকে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে বেরনোর সময় গাড়িগুলিকে মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাংক রোড হয়ে যেতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিমা বহনকারী গাড়িগুলি যাতে সহজে চলাচল করতে পারে, তার জন্য শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মধ্যবর্তী স্ট্র্যান্ড ব্যাংক রোডে সব ধরনের গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।
পুজোর জন্য ১৩ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকেই রাস্তায় নামবে ট্রাফিক বিভাগের অতিরিক্ত তিন হাজার ফোর্স। সঙ্গে থাকবেন ট্রাফিক ওয়ার্ডেনরাও। শহরের বিভিন্ন বড়ো বড়ো রাস্তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। পুজোর দিনগুলিতে বিশেষ সময়ে ১২৩টি রাস্তায় পণ্যবাহী গাড়ির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের গাড়ির ক্ষেত্রে ছাড় থাকবে। পুজোর সময় অনেক রাস্তায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
দশমীর পর থেকে লক্ষ্মীর পুজোর আগে পর্যন্ত বিসর্জনের জন্য গঙ্গার ঘাটগামী রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে। রাস্তার ধারে যত্রতত্র পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালীঘাট চত্বর, গার্ডেনরিচ রোড, বাগবাজার রোড সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। তবে প্রয়োজনে পুজোর সময়ে যে কোনো রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পরিস্থিতি অনুযায়ী উর্দিধারীরাই বিকল্প পথের নির্দেশ দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ