Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ই এম বাইপাসে পার্কিং লট, রাখা যাবে ৯০টি গাড়ি

এবার ই এম বাইপাসেও কলকাতা পুরসভা পার্কিং লট বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে শহরের ১৪টি রাস্তায় গাড়ি পার্কিংয়ের দায়িত্ব সামলানোর জন্য নতুন করে এজেন্সি নিয়োগ করতে চলেছে পুর কর্তৃপক্ষ।

ই এম বাইপাসে পার্কিং লট, রাখা যাবে ৯০টি গাড়ি
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ই এম বাইপাসেও কলকাতা পুরসভা পার্কিং লট বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে শহরের ১৪টি রাস্তায় গাড়ি পার্কিংয়ের দায়িত্ব সামলানোর জন্য নতুন করে এজেন্সি নিয়োগ করতে চলেছে পুর কর্তৃপক্ষ। মোট ৪৮২টি গাড়ি পার্ক করা যাবে সেখানে। তবে এবার আর চিরাচরিত টেন্ডার নয়। পার্কিং লট দায়িত্ব বন্টনের জন্য নিলাম (ই-অকশন) ডাকতে চলেছে পুর কর্তৃপক্ষ। এই ১৪টি রাস্তার মধ্যে বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া এবং মুকুন্দপুরে ৯০টি গাড়ির পার্কিং লট সামলানোর জন্য সংস্থা নিয়োগ করা হবে। বাইপাস কলকাতা পুরসভার হাতে আসার পর সেই অর্থে এই প্রথম সরকারি পার্কিং লট বানাতে চলেছে কর্তৃপক্ষ।

Advertisement

পুরসভার পার্কিং বিভাগের এক কর্তা বলেন, শহরের বিভিন্ন এলাকায় মোট পাঁচটি পার্কিং লটের জন্য নিলাম ডাকা হবে। সবমিলিয়ে ১৪টি রাস্তার ১৮টি ‘স্ট্রেচ বা লোকেশনে’ গাড়ি রাখার জন্য সরকারিভাবে লট বানানো হচ্ছে। তার দায়িত্ব সামলাতে নতুন এজেন্সি নিয়োগ করতেই এই নিলাম। জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোড, গরচা রোড, রমণী চ্যাটার্জি রোড, হিন্দুস্তান পার্ক, বিপিন পাল রোড, সুরেন টেগোর রোড, লেক ভিউ রোড, যতীন বাগচী রোড, হিন্দুস্তান রোড, ডোভার লেন, গরচা ফার্স্ট লেন, বিশ্ববাংলা সরণি অর্থাৎ ই এম বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া এবং মুকুন্দপুর ও গড়িয়াহাট রোডে ফ্লাইওভারের তলায় সবমিলিয়ে ৪৮২টি গাড়ি পার্কিংয়ের জন্য নতুন সংস্থা নিয়োগ করা হবে।
প্রথমবার নিলামের মাধ্যমে পার্কিং লট বণ্টন করা হবে। এতবছর ধরে পার্কিং লটের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে টেন্ডারের মাধ্যমেই এজেন্সি নিয়োগ হয়েছে। কিন্তু পুরসভার কর্তারা জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে বর্তমানে টেন্ডারের থেকে ই-অকশন ডাকার পক্ষে বেশি গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে। যার ফল অনুসারে এই প্রথম পুরসভার বিজ্ঞাপন বিভাগও পার্ক স্ট্রিটের আলোকসজ্জার গেটে বিজ্ঞাপন দেওয়ার জন্য সংস্থা নিয়োগের ক্ষেত্রে ই-অকশন করে। এবার পার্কিং বিভাগও সেই পথে হাঁটল।

সম্পর্কিত সংবাদ