নিউ জার্সি: খেলায় হার-জিত থাকে। আর যে কোনো ফলকে হাসি মুখে মেনে নেওয়াই স্পোর্টিং স্পিরিট। আর্জেন্তিনার লিয়ান্দ্রো পারাদেস কিংবা মোলিনার মধ্যে যার লেশমাত্রও নেই। পাননি শৃঙ্খলার পাঠও। তা নাহলে ম্যাচ শেষে ওইভাবে এরিকা গার্সিয়া ও গাবির উপর হাত তুলতেন না! মেজাজ হারিয়ে কার্যত গুণ্ডামিই চালিয়েছেন মিডিও। এমন আচরণের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্তাইন মিডিও।
ঘটনাটি ঘটেছে রেফারির শেষ বাঁশি বাজার পর। চ্যাম্পিয়ন স্পেনের প্লেয়াররা তখন সেলিব্রেশনে ব্যস্ত। মহানন্দে সতীর্থদের সঙ্গে দৌড়াদৌড়ি করছিলেন অধিনায়ক রড্রি। এমন সময় তাঁকে ঘুষি মারেন আর্জেন্তিনার রাইট ব্যাক মোলিনা। ক্ষুব্ধ রড্রি তাঁর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমন সময় মোলিনার দিকে তেড়ে আসেন এরিক গার্সিয়া। আর সেটা দেখে মেজাজ হারান পারাদেস। তিনি এরিকের গলা ধরে ঠেলে দেন। তা দেখে এগিয়ে আসেন স্প্যানিশ মিডিও গাবি। বার্সার তরুণ ফুটবলারকেও ঠেলে ফেলে দেন পারাদেস। আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি কোনোক্রমে প্লেয়ারদের ঠাণ্ডা করেন। ম্যাচ পরবর্তী এই ঘটনায় পারাদেসকে লাল কার্ড দেখান রেফারি। আরও এক ঘটনায় রড্রির প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ওটামেন্ডিকে। এমনকী বিশ্বজয়ী স্পেনকে গার্ড অব অনার দেয়নি স্কালোনি-ব্রিগেড। স্পোর্টিং স্পিরিটের নিরিখে যা মোটেই ভালো বিজ্ঞাপণ নয়।