Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বুধবার মাঠে নামবেন পন্থ, আশায় মর্কেল

মঙ্গলবার দিনভর মাঠে নামেননি ঋষভ পন্থ। পরিবর্তে স্টাম্পের পিছনে গ্লাভস হাতে ছিলেন ধ্রুব জুরেল। আসলে সোমবার ব্যাট করার সময় কাঁধে বল লেগেছিল তাঁর।

বুধবার মাঠে নামবেন পন্থ, আশায় মর্কেল
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: মঙ্গলবার দিনভর মাঠে নামেননি ঋষভ পন্থ। পরিবর্তে স্টাম্পের পিছনে গ্লাভস হাতে ছিলেন ধ্রুব জুরেল। আসলে সোমবার ব্যাট করার সময় কাঁধে বল লেগেছিল তাঁর। সেই চোটের জন্যই ড্রেসিং-রুমে বসে থাকতে বাধ্য হন তিনি। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানান, ‘খুব বাজেভাবে বলের আঘাত পেয়েছে ঋষভ। কাঁধের ওই চোটের জন্য নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। সকালে ওয়ার্ম-আপের সময় খুব অসুবিধায় পড়ে ও। পর্যবেক্ষণের মধ্যে রয়েছে ও। আশা করা যায় বুধবার ও কিপ করবে। খেলাটা দারুণ বোঝে বলেই মাঠে ওর উপস্থিতি গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, টেস্টের প্রথম দিনে কবজিতে চোটের জন্য রিটায়ার্ড হার্ট হন পন্থ। আর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শর্টপিচড ডেলিভারিতে কাঁধে লাগে তাঁর। 

Advertisement

বুধবার অবশ্য ব্যাট হাতেও দ্রুত রান তোলার জন্য প্রয়োজন পড়তে পারে পন্থের। তবে আবহাওয়ার কথা মাথায় রেখে শ্রীলঙ্কাকে ফলো-অন করানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না টিম ইন্ডিয়া। মর্কেলের কথায়, ‘এই ধরনের আবহাওয়ায় পুরো মাঠ ঢাকতে এবং কভার তুলতে অনেকটা সময় চলে যায়। আমাদের লক্ষ্য, শ্রীলঙ্কাকে যত বেশি সম্ভব ওভার বল করা। আশা করছি, আমরা সকালে দ্রুত ওদের বাকি দুই উইকেট নিতে পারব। সেক্ষেত্রে ফলো-অন করাতেও পারি।’
এদিন ৩ উইকেট নিয়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর প্রশংসা করে মর্কেলের মন্তব্য, ‘প্রচুর সমালোচনার মধ্যে দিয়ে গিয়েছে ও। কিন্তু লড়াইয়ের পথ থেকে সরেনি। দলে যদিও প্রসিদ্ধের ক্ষমতা নিয়ে কোনো সংশয় ছিল না। তবে ও কারও কথায় কান দেয়নি। মাঠে নামার আগে বিপক্ষকে নিয়ে প্রচুর হোমওয়ার্ক করে। ভালো লাগছে নিজেকে বিশ্বমানের বোলারের স্তরে উন্নত করেছে ও।’

Advertisement
সম্পর্কিত সংবাদ