Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্দলের কৃষক বাজারে একাধিক স্টোরের উদ্বোধন পঞ্চায়েতমন্ত্রীর

শুক্রবার বিকালে জগদ্দল বিধানসভার মামুদপুর কৃষক বাজারে কৃষিজাত পণ্য ও দুগ্ধজাত সামগ্রীর বিপণন ব্যবস্থার উন্নয়নে একাধিক স্টোরের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

জগদ্দলের কৃষক বাজারে একাধিক স্টোরের উদ্বোধন পঞ্চায়েতমন্ত্রীর
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার বিকালে জগদ্দল বিধানসভার মামুদপুর কৃষক বাজারে কৃষিজাত পণ্য ও দুগ্ধজাত সামগ্রীর বিপণন ব্যবস্থার উন্নয়নে একাধিক স্টোরের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল সরকারের আমলে জাঁকজমক করে এই কৃষক বাজারের উদ্বোধন হলেও দীর্ঘদিন তা কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সরকার পরিবর্তনের পর প্রথমবার এই কৃষক বাজারে বেসরকারি সংস্থা আমূলের একটি দুগ্ধজাত সামগ্রীর স্টোর উদ্বোধন করা হয়। পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি বিভিন্ন পণ্যের বিপণন ব্যবস্থাও পরিদর্শন করেন মন্ত্রী।

Advertisement

দিলীপবাবু বলেন, ‘এই কৃষক বাজার চালু হওয়ার ফলে আশপাশের এলাকার কৃষক তাঁদের উৎপাদিত ফসল ও কৃষিজাত পণ্য ন্যায্য মূল্যে সরাসরি বিক্রি করতে পারবেন। তাঁদের দূরের হাট-বাজারে যেতে হবে না। একই সঙ্গে গ্রামের মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তৈরি বিভিন্ন হস্তশিল্প ও অন্যান্য সামগ্রী এখানে বিক্রির সুযোগ পাবেন।’
 মন্ত্রী আরও জানান, রাজ্যে মোট ১৮৬টি কৃষক মান্ডি রয়েছে, যার মধ্যে প্রায় ১০০টি বর্তমানে অচল। আগামী দিনে এই ধরনের কৃষক বাজারগুলিকে পুনরুজ্জীবিত করে সেখানে আরও বিপণন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। কৃষকরা যাতে সরাসরি তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন, ফড়েরাজ না থাকে, বর্তমান সরকারের সেটাই লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই কৃষকদের হাতে সরাসরি টাকা যাক। দালালরাজ বন্ধ হোক। এই কৃষক বাজারে পেঁয়াজের হিমঘর হবে।’ এদিনের অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক রাজেশ কুমার, জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, মন্ত্রী কল্যাণ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ