নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একদিনে ৪০ লক্ষেরও বেশি গাছের চারা রোপণ করবে পঞ্চায়েত দপ্তর। তার জন্য রাজ্যের ৪০ হাজারের বেশি গ্রামে ১০০টি করে চারা দেওয়া হবে। বনদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে বনসৃজন করা হবে। ভিবিজি রাম জি প্রকল্পের অধীনে এই বিশাল কর্মকাণ্ডের পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছের চারা রোপণ দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকে। আগামী ১৬ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে।
জানা গিয়েছে, পঞ্চায়েতের অধীন থাকা গ্রামগুলির হাতে গাছের চারা তুলে দেবে বনদপ্তর। জেলার চরিত্র অনুযায়ী গাছ দেওয়া হবে। যেমন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। বনদপ্তর বনসৃজনের পর তা দেখভাল করবে পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমরা জেলায় জেলায় মিটিং করছি। সেখানে বলেছি, আপনারা জায়গা ঠিক করে দিন, গাছ আমরা লাগিয়ে দেব। সূত্রের খবর, এই বিপুল সংখ্যক চারা রোপণের কাজে জব কার্ড হোল্ডারদের ব্যবহার করা হবে। এর ফলে কর্মদিবস সৃষ্টি হবে। গাছ লাগানোর কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে প্রচারের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর।