নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী তিন বছরের মধ্যে ৫২ লক্ষ ‘লাখপতি দিদি’ চিহ্নিত করতে হবে রাজ্যকে। কেন্দ্রের তরফে এমনই পরিকল্পনার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে। ধাপে ধাপে সেই লক্ষ্য পূরণ করতে পঞ্চায়েত দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে এমন ২০ লক্ষ মহিলাকে চিহ্নিত করার টার্গেট ঠিক করে জেলায় জেলায় পাঠিয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৩২ লক্ষ এমন ‘লাখপতি দিদি’ রয়েছেন। উল্লেখ্য, যেসব স্বনির্ভর গোষ্ঠীর মহিলার বার্ষিক আয় এক লক্ষ বা তার বেশি, তাঁদেরকে চিহ্নিত করা হচ্ছে। সরকারি উদ্যোগে ব্যবসা করে যাঁদের এই আয় হয়েছে, তাঁদের ‘লাখপতি দিদি’র তকমা দেওয়া হবে।
জানা গিয়েছে, যেসব স্বনির্ভর গোষ্ঠীর মহিলা চাষবাস করছেন বা প্রাণী প্রতিপালন বা অন্য কোনো ব্যবসা করে জীবিকা অর্জন করছেন, তাঁদের মধ্যে যাঁর বার্ষিক আয় লক্ষাধিক টাকা হয়েছে, হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন মহিলাদেরই ‘লাখপতি দিদি’র তকমা দেওয়া হবে। তাঁরা কীভাবে বার্ষিক লক্ষাধিক টাকা আয় করতে সক্ষম হলেন, মূলত সেটাই বাকি মহিলাদের কাছে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। তাতে আগামী দিনে রাজ্যে আরো এমন ‘লাখপতি দিদি’ পাওয়া যাবে। তিন বছরে ৫২ লক্ষ ‘লাখপতি দিদি’র যে টার্গেট দেওয়া হয়েছে, তা অর্জন করতে এখন থেকে কোমর বেঁধে নামতে হবে প্রত্যেক জেলাকে। আধিকারিকদের দাবি, মহিলাদের উৎসাহ দেওয়া হবে, যাতে তাঁরা বিভিন্ন কাজের মাধ্যমে বার্ষিক লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। সব থেকে বেশি টার্গেট দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে (১ লক্ষ ৩০ হাজার)। এছাড়াও উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানসহ একাধিক জেলায় এক লক্ষের বেশি ‘লাখপতি দিদি’ চিহ্নিত করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।