Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পাকিস্তানে তৈরি চাদর মহারাষ্ট্রে বিক্রি হচ্ছে! ভাইরাল ভিডিয়োয় শোরগোল

পাকিস্তানে তৈরি চাদর মহারাষ্ট্রে বিক্রি হচ্ছে! ভাইরাল ভিডিয়োয় শোরগোল
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: পহেলগাঁও হামলার পরই কেন্দ্রীয় সরকারের তরফে পাকিস্তানি দ্রব্যে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে বছর ঘুরে গেলেও চোরাপথে পাকিস্তানের তৈরি সরঞ্জাম যে এদেশে আমদানি হচ্ছে, তার প্রমাণ ফের মিলল মহারষ্ট্রে। এবারের ঘটনাস্থল পুনেতে অনুষ্ঠিত এক মেলা। সেখান থেকে না দেখে এক ‘মেড ইন পাকিস্তান’ চাদর কিনে এনেছিলেন পুনের বাসিন্দা পূজা সরাফ। তবে সেই চাদর ধোয়ার সময় তাঁর টনক নড়ে। দেখেন যে সেখানে রয়েছে ‘পাকিস্তানি’ ট্যাগ। তারপরই তিনি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

Advertisement

গত বুধবার পিম্পরি-ছিনওয়াড় এলাকার মোরায়া গোসাভি মন্দিরে এক মেলা বসেছিল। সেখান থেকেই একটি চাদর কেনেন পূজা। তবে বাড়ি ফিরে সেটি ধোয়ার সময় তিনি দেখেন যে, চাদরের ট্যাগে লেখা রয়েছে ‘পাকিস্তান নির্মিত।’ তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমরা কোথায় থাকি? আমরা সীমান্ত এলাকার মানুষ না। অথচ আমাদের বাড়িতেই এসেছে পাকিস্তানে তৈরি জিনিস। এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আমার মতোই আরও যারা এই চাদর কিনেছেন, তাঁদের কাছেও পাকিস্তানের এই চাদর পৌঁছেছে। এটা মেনে নেওয়া যায় না।’ 
কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার পাশাপাশি এও জানানো হয়েছিল, ‘যখনই জিনিস কিনবেন, চোখ খোলা রাখবেন।’ সেই বিষয়টি উল্লেখ করেই পূজা ভিডিয়ো বার্তা বলেন, ‘এখন আমার চোখ খোলা।’
এদিকে তাঁর ভিডিয়ো ভাইরাল হতেই পিম্পরি-ছিনওয়াড় পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে। পুরনিগমের তরফেও নির্দেশ দেওয়া হয়েছে, মেরায়া গোসাবি মন্দিরের মেলায় যারা যারা ওই পাকিস্তানি চাদর বিক্রি করছিলেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কোথা থেকে এবং কীভাবে সেটি ভারতে ঢুকল তা নিয়েও তদন্ত চলবে। গত মাসেই মহারাষ্ট্রের ধুলে এলাকায় বিভিন্ন পাকিস্তানি সরঞ্জাম বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেইবার বিভিন্ন ক্রিম, সাবান, সিরাম থেকে শুরু করে প্রায় ৬১ হাজার টাকার বিভিন্ন প্রসাধনী দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল। তার আগেও ছত্রপতি শম্ভাজিনগরে পাকিস্তান-নির্মিত সামগ্রী স্টক করা ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ