নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বগামী। এর মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠল পাকিস্তানি হ্যাকারদের বিরুদ্ধে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের লগ ইন তথ্য সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ‘পাকিস্তান সাইবার ফোর্স’ এই হামলার দায় স্বীকারের পাশাপাশি জানিয়েছে, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ এবং ‘মনোহর পারিক্কর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস’-এর সংবেদনশীল তথ্য চুরি করা হয়েছে। এক পোস্টে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নামের একটি তালিকা দিয়েছে হ্যাকাররা। সঙ্গে লেখা, ‘হ্যাক করা হয়েছে। তোমাদের নিরাপত্তা আসলে একটা ভ্রান্ত ধারণা। এমইএসের তথ্য এখন আমাদের হাতে।’ পাশাপাশি, মনোহর পারিক্কর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট থেকে ১ হাজার ৬০০ জন ব্যবহারকারীর ১০ জিবিরও বেশি তথ্য চুরি করেছে বলে দাবি হ্যাকারদের।



