Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দমনে পাক বাহিনীর গুলিবর্ষণ, মৃত ২০

বিক্ষোভ চলছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। বিক্ষোভকারীদের লক্ষ করে গুলি চালিয়েই যাচ্ছে পুলিশ।

অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দমনে পাক বাহিনীর গুলিবর্ষণ, মৃত ২০
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: বিক্ষোভ চলছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। বিক্ষোভকারীদের লক্ষ করে গুলি চালিয়েই যাচ্ছে পুলিশ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত ৫০ দিন ধরে চলা বিক্ষোভে সোমবার নেমে এল ইসলামাবাদের দমনপীড়ন। সেই ছবি-ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরালও। সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২০ জন আন্দোলনকারীর। জখম ৫০ জনেরও বেশি। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘ ৫০ দিন ধরে নানা দাবিতে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) ছত্রছায়ায় বিক্ষোভ দেখাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। সেই বিক্ষোভের মাঝেই স্থানীয় নির্বাচনের আয়োজন করে প্রশাসন। জেএএসি সেই নির্বাচন বয়কটের ডাক দেয়। পাশাপাশি রবিবার মীরপুর থেকে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদ অভিযান শুরু করেন আন্দোলনকারীরা। সোমবার মিছিলটি রাওয়ালকোটে পৌঁছয়। রাতে চাঁদনি চক এলাকায় ধরনা চলাকালীনই বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। তাঁদের মধ্যে অন্যতম জেএসিসির কোর কমিটির সদস্য তথা মুখপাত্র উমর নাজির কাশ্মিরীর ভাই উসমান নাজির। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ভোটের তীব্র সমালোচনা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালেরর কথায়, ‘এই ভোট আসলে ওই অঞ্চলে পাকিস্তানের অবৈধ দখলদারিত্বকে আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিকে গোপন করার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।’ 

Advertisement

নির্বাচন উপলক্ষ্যে মীরপুর, রাওয়ালকোট, মুজফফরাবাদে প্রায় ১৪ হাজার বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। রয়েছে স্নাইপার বাহিনী। বিক্ষোভ ভাঙতে তাদেরই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। গোটা উপত্যকায় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ। জেএএসি জানিয়েছে, বিক্ষোভকারীরা চাঁদনি চক থেকে শহিদ চকে সরে যাবেন। সেখানেই পরবর্তী কার্যক্রম ঠিক হবে। শান্তিপূর্ণ বিক্ষোভে বলপ্রয়োগ বন্ধের জন্য রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং গণতান্ত্রিক দেশগুলির সহায়তার আরজিও জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ