নয়াদিল্লি: ভারত-পাক সীমান্তে ফ্ল্যাগ মিটিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। যার জেরে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের ভারতে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৪ এপ্রিল পাঠানকোটে ‘বেআইনিভাবে’ সীমান্ত পেরনোর অভিযোগে রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকে আটক করে পাকিস্তান। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। অন্য সময় হলে ফ্ল্যাগ মিটিংয়ে আলোচনা করে একদিনের মধ্যেই পূর্ণমকে ফেরানো যেত। তবে পহেলগাঁও হামলার প্রেক্ষিতে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। ফ্ল্যাগ মিটিং বন্ধ হওয়ায় ব্যাক চ্যানেলেও পূর্ণমকে ফেরানোর চেষ্টা হয়েছিল। তবে সে চেষ্টাও ব্যর্থ হয়।
সূত্রের খবর, পূর্ণমকে আটক করা নিয়ে পাকিস্তানি রেঞ্জার্সের কাছে ‘ফর্মাল প্রোটেস্ট’ করেছে বিএসএফ। এই নিয়ে সেক্টর কমান্ডারকে প্রোটেস্ট নোট পাঠানো হয়েছে। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, এত কিছুর পরেও পূর্ণম কোথায় রয়েছেন বা তাঁকে কবে ছাড়া হবে, তা নিয়ে মুখে কুলুপ পাকিস্তানের। এক সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সম্ভবত লাহোর-অমৃতসর সেক্টরের কোনও রেঞ্জার্স ঘাঁটিতে পূর্ণমকে রাখা হয়েছে। সোমবার পাঠানকোটে যান পূর্ণমের স্ত্রী রজনী সাউ। বিএসফের ওয়েস্টার্ন কমান্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই তাঁকে জানানো হয়, বুধবারের ফ্ল্যাগ মিটিং বাতিল করেছে পাকিস্তান।