


নয়াদিল্লি: জল্পনার অবসান। চাপের মুখে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে আয়োজিত হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিল সে দেশের সরকার। রবিবার আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন পিসিবি কর্তারা। সেখানে বিশ্বকাপে প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলা নিয়ে বেশ কিছু শর্ত চাপায় পাক বোর্ড। তার মধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর কথা। পাশাপাশি ভারত-বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চালুর দাবিও জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকী, বিশ্বকাপে না খেলার জন্য বাংলাদেশকে কোনও শাস্তি দেওয়া চলবে না বলে তিনি অনুরোধ করেন।
ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চালু করার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশের শাস্তি মকুবের ব্যাপারে সম্মতি জানান বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাছাড়া ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে কোনও মেগা ইভেন্ট আয়োজনের ব্যাপারেও আশ্বাস দেন আইসিসি’র অন্যতম ডিরেক্টর ইমরান খাওয়াজা। এরপর বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে পাকিস্তানকে ১৫ তারিখ খেলার জন্য অনুরোধ জানানো হয়। সবদিক বিবেচনার পর দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ম্যাচ খেলার ব্যাপারে জট ছাড়াতে উদ্যোগী হন পিসিবি চেয়ারম্যান। দীর্ঘ আলোচার পর অবশেষে পাক সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে ম্যাচ খেলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তারা বলেন, ‘একাধিক আলোচনার ও প্রতিবেশী বন্ধুদের থেকে অনুরোধ পাওয়ার পর পাক সরকার ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি, ছেলেরা সেরাটা মেলে ধরে জিতে মাঠ ছাড়বে।’