Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তালিবান জমানা নিশ্চিহ্ন করার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের তালিবান নেতৃত্ব ভারতের নির্দেশে কাজ করছে। নয়াদিল্লির অঙ্গুলিহেলনেই তালিবান প্রশাসন পাকিস্তানে সন্ত্রাসবাদী কাজকর্ম চালাচ্ছে। পাকিস্তানি টিভি চ্যানেলে এমনই আজব দাবি করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

তালিবান জমানা নিশ্চিহ্ন করার হুমকি পাকিস্তানের
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ইসলামাবাদ: আফগানিস্তানের তালিবান নেতৃত্ব ভারতের নির্দেশে কাজ করছে। নয়াদিল্লির অঙ্গুলিহেলনেই তালিবান প্রশাসন পাকিস্তানে সন্ত্রাসবাদী কাজকর্ম চালাচ্ছে। পাকিস্তানি টিভি চ্যানেলে এমনই আজব দাবি করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর হুঁশিয়ারি, আফগানিস্তান হামলা চালালে পাকিস্তানের প্রত্যুত্তর হবে ভয়ংকর। ৫০ গুণ বেশি ক্ষমতার সেই আক্রমণে তালিবান নেতৃত্বকে নিশ্চিহ্ন করার হুমকিও দিয়েছেন তিনি।  তাঁর কথায়, ‘তালিবান সরকারকে উৎখাত এবং তাদের নেতাদের গুহায় গা-ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে পাকিস্তানের ভাঁড়ারে মজুত অস্ত্রের একটা অংশও লাগবে না। ইসলামাবাদের দিকে তাকালে ওদের চোখ উপড়ে ফেলা হবে।’ 

Advertisement

তুরস্কের ইস্তানবুলে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা শুরু করে পাকিস্তান এবং ইসলামাবাদ। চারদিন আলোচনার পরেও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি দুই দেশ। মঙ্গলবার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানানো হয়। এরজন্য এজন্য আফগানিস্তানকেই দায়ী করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই যেভাবে আফগানিস্তান পিছিয়ে গিয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আসিফ। এসবের পিছনেও ভারতের কলকাঠি দেখছেন তিনি। যদিও আফগানিস্তান জানিয়েছে, ‘আলোচনার টেবিলে পাকিস্তান এমন কিছু দাবি করে, যা মেনে নেওয়া সম্ভব হয়নি।’  
উল্লেখ্য, সম্প্রতি জঙ্গি দমনের নামে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের হামলার পরই দু’দেশ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পরে যুদ্ধ বিরতি হয়। স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইস্তানবুলে শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। বৈঠক প্রসঙ্গে আসিফ বলেন, ‘আলোচনায় সহমত হওয়ার বিষয়টি যখনই আফগান প্রতিনিধিরা কাবুলে জানিয়েছেন, তখনই তাতে হস্তক্ষেপ করা হয়েছে। এরপর তারা চুক্তি প্রত্যাহার করে নিয়েছে। আমার মনে হয়, কেউ অন্তর্ঘাত করছে।’ কে এই কাজ করছে, সরাসরি জানাননি আসিফ। তবে এর পরেই চিরাচরিত ভারত বিরোধী কথা শুরু করেন তিনি। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘শান্তি আলোচনায় উপস্থিত আফগান প্রতিনিধিদের আমি প্রশংসা করছি। তবে আমার মনে হয়, দিল্লির হাতে বাঁধা দড়িতে নাচছে কাবুলের পুতুল নেতারা।’ 
আসিফের দাবি, ‘পশ্চিম সীমান্তে নাস্তানাবুদ হয়েছে দিল্লি। তাই কাবুলের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিচ্ছে তারা।’ তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে অল্পমাত্রায় লড়াই চালাতে চায় ভারত। এই লক্ষ্যেই ভারত কাবুলকে ব্যবহার করছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ