Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গেল পাকিস্তান, শেষ চারে কিউয়িরা

সেমি-ফাইনালে উঠতে গেলে কমপক্ষে ৬৪ রানে জিততে হবে। টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তানের কাছে নিঃসন্দেহে ছিল বড় সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না সলমন আগারা।

ছিটকে গেল পাকিস্তান, শেষ চারে কিউয়িরা
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: সেমি-ফাইনালে উঠতে গেলে কমপক্ষে ৬৪ রানে জিততে হবে। টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তানের কাছে নিঃসন্দেহে ছিল বড় সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না সলমন আগারা। শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ রানে জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাক-ব্রিগেড। শাহিবজাদা ফারহানের শতরানে ভর করে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান তুলেছিল ৮ উইকেটে ২১২। জবাবে শ্রীলঙ্কা থামে ৬ উইকেটে ২০৭ রানে। অর্থাত্, সুপার এইটের গ্রুপ-২ থেকে দ্বিতীয় টিম হিসেবে সেমি-ফাইনালে পৌঁছাল নিউজিল্যান্ড। ৩ ম্যাচে কিউয়ি ও পাক-ব্রিগেডের পয়েন্ট সমান ৩। কিন্তু পাকিস্তানের (-০.১২৩) থেকে রান রেটে এগিয়ে থেকে বাজিমাত করল নিউজিল্যান্ড (+১.৩৯০)। সুবাদে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল হবে ইডেনে।

Advertisement

এদিন পাল্লেকেলেতে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পাকিস্তানের দেওয়া ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৮ রানের। প্রথম ৪ ডেলিভারিতে একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন দাসুন শানাকা। তবে শেষ দুই বলে কোনও রান আসেনি। তবুও প্রশংসা করতে হবে শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শানাকার। রান তাড়ায় ৩১ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না তিনি।
তার আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতেই ওঠে ১৭৬। শাহিবজাদা ফারহান (১০০) দুরন্ত শতরান হাঁকান। সেই সুবাদে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ৩৮৩ রানের রেকর্ড গড়লেন পাক ব্যাটার। অপর ওপেনার ফখর জামান ৮৪ রান করেন। তবে এরপর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শেষ ৩৬ রানে ৮ উইকেট খোয়ায় পাকিস্তান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ