নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তবে তারই মধ্যে আসন্ন এশিয়া কাপ হকি ও জুনিয়র বিশ্বকাপে খেলার জন্য পাক দলের ভিসার আবেদন মঞ্জুর করল ভারত সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরল ভারতীয় হকি ফেডারেশনেও। তা নাহলে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কোপের মুখে পড়তে হতো ভারতীয় সংস্থাকে। এমনকী সহ্য করতে হতো আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থার রোষানলও। সেক্ষেত্রে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের ক্ষেত্রে অসুবিধায় সম্মুখীন হতো ভারত। পাশাপাশি ২০৩৬ ওলিম্পিকস বিডের দৌড় থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। আগামী আগস্টে রাজগীরে বসবে হকি এশিয়া কাপের আসর। আর সেপ্টেম্বরে চেন্নাইয়ে হবে জুরিয়র বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলির অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব থাকে আয়োজক দেশের উপর।



