ইসলামাবাদ: এল নিনোর জেরে জলকষ্টে ভুগছে ইসলামাবাদ। তীব্র তাপপ্রবাহের জেরে জল সংকটের আশঙ্কা চরমে। এহেন পরিস্থিতিতে সিন্ধু জলচুক্তি ফের চালু করতে মরিয়া হল পাকিস্তান। ইসলামাবাদ থেকে হুঁশিয়ারি এল—‘এই চুক্তি ব্যর্থ হলে খাতায়কলমে থাকা কোনো আন্তর্জাতিক সমঝোতা নিরাপদ থাকবে না!’ ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে বর্তমানে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। নয়াদিল্লির এই পদক্ষেপকে মঙ্গলবার ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। চুক্তি ফের চালু না করলে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারিও। তাঁর দাবি, জলের অধিকার থেকে বঞ্চিত করলে কড়া জবাব দেওয়া হবে।
ইসলামাবাদে সিন্ধু জলচুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করেন পাক উপপ্রধানমন্ত্রী। ইশাক বলেন, ‘কেউ একতরফাভাবে নিজেদের বাধ্যবাধকতা বন্ধ রাখতে পারে, এমন কোনো বিধান চুক্তিতে নেই। এটা শুধু জলবণ্টন চুক্তি নয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার গুরুত্বপূর্ণ মাধ্যম। জলবণ্টনকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত নয়।’ একই অনুষ্ঠানে পাক মন্ত্রী মুসাদিক মালিকের তোপ, ‘সিন্ধু জলবণ্টন চুক্তি বিশ্বের সবথেকে শক্তিশালী চুক্তি। এই চুক্তি ব্যর্থ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কোনো আন্তর্জাতিক সমঝোতা নিরাপদ থাকবে না।’ এসবের মাঝেই পরমাণু হামলার হুঁশিয়ারি দেন বিলাবল। পিপিপি চেয়ারম্যানের কথায়, ‘কেউ দেশের অর্থনীতিকে অচল করার পাশাপাশি জলপথ আটকানোর চেষ্টা করলে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান। এটা আমাদের পারমাণবিক নীতির অন্যতম প্রধান দিক। সিন্ধু দরদাম করার মাধ্যম নয়। কেউ যদি ভেবে থাকেন যে পাকিস্তান সিন্ধু প্রদেশ ছেড়ে দেবে, তবে তাঁরা পাকিস্তানকে চেনেন না। আমরা কখনই নতি স্বীকার করব না। দেশবাসীর মৌলিক অধিকার নিয়ে কোনো আপস করবে না পাকিস্তান।’ ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য এব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।