


ইসলামাবাদ: সামরিক শক্তি বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। চীনের সাহায্য নিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। জানা গিয়েছে, গদর বন্দরের বিনিময়ে বেজিংয়ের কাছে সেকেন্ড স্ট্রাইক ক্ষমতাসম্পন্ন পারমাণবিক সাবমেরিনের দাবি জানিয়েছিল ইসলামাবাদ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে স্বাধীন মার্কিন সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’। পাক সেনার গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পরে এই দাবি করেছে ওই সংস্থা।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রস্তাব রেখেছিলেন মুনির। ওই বছরের শুরুতেই গদর বন্দর নিয়ে জিনপিংয়ের দেশকে আশ্বস্ত করার চেষ্টা চালান পাক সেনাপ্রধান। বেজিংকে বলা হয়, সংশ্লিষ্ট বন্দরে চীনের সেনাকে স্থায়ী সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেওয়া হবে। কয়েক মাস পরেই বেজিংয়ের কাছে গদর বন্দরের বিনিময়ে পারমাণবিক সাবমেরিন চেয়ে বসে শাহবাজ শরিফের দেশ। এই অস্ত্র হাতে পেলে আকাশ, জল ও স্থল- তিন ক্ষেত্রেই পরমাণু শক্তিধর হয়ে উঠত পাকিস্তান। তবে চীন শেষমেশ সেই স্বপ্নে জল ঢেলে দেয়। মুনিরের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দেয় জিনপিং প্রশাসন।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর প্রথমবার এবিষয়ে খবর করেছিল ড্রপ সাইট। এরপর গত ১৮ মে পাকিস্তানের অত্যন্ত গোপন বেতার বার্তার উদ্ধৃতি তুলে দেওয়া হয়। সেখানে জানা গিয়েছে, বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্তা ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য চাপ দিচ্ছিলেন। একই সময় চীনের সঙ্গে অস্ত্রবাহী রণতরী নিয়ে আলোচনা চালাচ্ছিল পাকিস্তান। উল্লেখ্য, চীন-পাকিস্তান ইকনমিক করিডরের অন্যতম অংশ গদর বন্দর।