নয়াদিল্লি: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই চিড় ধরেছে ভারত-পাকিস্তান সম্পর্কে। রীতিমতো যুদ্ধের আবহ। ইতিমধ্যেই পাকিস্তানিদের ভিসা বাতিল সহ একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত। ফের বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে ভারত বিরোধী উস্কানিমূলক ভিডিও পোস্ট করা হচ্ছে। ভারতের সেনাবাহিনী সম্পর্কেও ভুলভাল মন্তব্য করার অভিযোগ উঠেছে। তারপরই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসূত্রেই এহেন পদক্ষেপ। দিন কয়েক আগে পাক প্রতিরক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেল ব্লক করেছে ভারত। তালিকায় রয়েছেন সে দেশের সেলিব্রিটিরাও। মাহিরা খান, হানিয়া আমির সহ পাকিস্তানের বহু অভিনেতা-অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় দর্শকদের মধ্যে বহুল জনপ্রিয় পাকিস্তানের হাম টিভি, এআরওয়াই ডিজিটাল সহ একাধিক ড্রামা চ্যানেল। সেগুলির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। আপাতত জারি দুই দেশের ‘ডিজিটাল যুদ্ধ’।



