পাল্লেকেলে: এক বলও হল না। বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ। গ্রুপ ২-এ তাই পয়েন্ট ভাগাভাগি হল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। টসে জিতে ব্যাটিং নেন পাক ক্যাপ্টেন সলমান আগা। প্রথম এগারোয় খাওয়াজা নাফের জায়গায় এসেছিলেন ফখর জামান। নিউজিল্যান্ড দলে আবার তিনটি পরিবর্তন হয়েছিল। পেটের সমস্যায় কানাডার বিরুদ্ধে খেলেননি ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। তিনি ছাড়াও প্রথম এগারোয় আসেন লকি ফার্গুসন ও ঈশ সোধি। কিন্তু খেলা আর শুরু হয়নি। টসের পরই অঝোর ধারায় নামে বৃষ্টি। এবার পাকিস্তানের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ইংল্যান্ড। আর পরের দিন কলম্বোয় অন্যতম আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।



