Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌদি সফর কাটছাঁট মোদির

সৌদি সফর কাটছাঁট মোদির
  • ২৩ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

জেড্ডা ও নয়াদিল্লি: সৌদি আরব সফর শেষ করে ফেরার কথা ছিল বুধবার রাতে। যদিও পহেলগাঁওয়ে পর্যটকদের নিশানা বানিয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে সেই সফর কাটছাঁট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারের পরিবর্তে মঙ্গলবার গভীর রাতেই তিনি দেশে ফেরার বিমান ধরেন বলে খবর। ভূস্বর্গে এই পাশবিক হামলার একযোগে নিন্দা করে ইতিমধ্যেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প তাঁর বার্তায় বলেছেন, ‘কাশ্মীর থেকে খুবই বিরক্তিকর খবর আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে রয়েছে।’ হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট শীঘ্রই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ‘এরকম নৃশংস অপরাধের স্বপক্ষে কোনও রকম যুক্তি থাকতে পারে না। এই হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের কঠোর শাস্তি হবে বলেই আমাদের প্রত্যাশা।’ জঙ্গি হামলার নিন্দা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাহিন নেতানিয়াহুও। ঘটনাচক্রে ক’দিন আগেই কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। দ্বি-জাতিতত্ত্বের প্রসঙ্গ টেনে রীতিমতো সাম্প্রদায়িক উস্কানিমূলক বিবৃতি দিয়েছিলেন তিনি। তারই মধ্যে এদিনের পহেলগাঁওয়ে ঘটে গেল ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।

Advertisement

দু’দিনের সৌদি আরব সফরে মঙ্গলবাই জেড্ডা পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার খবর পান তিনি। ফলে নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পর তাঁর বৈঠক হয় সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের। হামলার নিন্দা করেন সলমনও। পরে সৌদি সরকার আয়োজিত এক নৈশভোজে যোগ দেওয়ার কথা থাকলেও শোকের এই আবহে সেখানে না গিয়ে সফরের মাঝপথেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদি।    

Advertisement
সম্পর্কিত সংবাদ