Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রামে অভিনব কায়দায় বিক্রেতাকে ঘোল খাইয়ে ইলিশ নিয়ে পগারপার বৃদ্ধা

ভোটের বাজারে ‘মাছ চোর’ গান নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি। ভোট মিটে যাওয়ার পর সেই গান অতীত হয়ে গিয়েছে

মধ্যমগ্রামে অভিনব কায়দায় বিক্রেতাকে ঘোল খাইয়ে ইলিশ নিয়ে পগারপার বৃদ্ধা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের বাজারে ‘মাছ চোর’ গান নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি। ভোট মিটে যাওয়ার পর সেই গান অতীত হয়ে গিয়েছে। তবে মধ্যমগ্রামের কালীবাড়ি বাজারে দেখা মিলল আরেক ‘মাছ চোর’-এর। তবে তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন। সাদামাটা বৃদ্ধা। তাঁর বিরুদ্ধে প্রায় চার হাজার টাকা দামের ইলিশ চুরির অভিযোগ উঠেছে। ইলিশ কেনার নাম করে প্রথমে তিনি ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করেন। তারপর ওই মাছ বিক্রেতাকে ঘোল খাইয়ে ইলিশ নিয়ে উধাও! বৃদ্ধার কর্মকাণ্ডে হতভম্ব মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস। এ নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ এখন রীতিমতো ভাইরাল।

Advertisement

বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রাম সোদপুর রোডের ধারে কালীবাড়ি বাজার তখন ক্রেতার ভিড়ে জমজমাট। সেখানে সালোয়ার কামিজ পরা এক মহিলা প্রসেনজিতের দোকানে আসেন। তিনি বড়ো সাইজের ইলিশের খোঁজ করেন। ক্রেতাকে দাঁড় করিয়ে প্রসেনজিৎ আইসপ্যাক খুলে দেড় কিলোর একটি ইলিশ বের করেন। ওই ইলিশ দেখেই পছন্দ হয়ে যায় বৃদ্ধার। দাম জানতে চাইলে বিক্রেতা বলেন, ৩৭০০ টাকা লাগবে। বৃদ্ধা জানান, এত টাকা তিনি সঙ্গে নিয়ে আসেননি। তবে টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। সামনেই তাঁর জামাকাপড়ের দোকান। সেখানে পৌঁছেই মাছের দাম মিটিয়ে দেবেন। বৃদ্ধার কথা শুনে সন্দেহ হয়নি প্রসেনজিতের। ইলিশটি তাঁর ব্যাগে ঢুকিয়ে দিয়ে সঙ্গে এক কর্মীকে রিকশয় করে পাঠান বিক্রেতা। এরপরেই বদলে যায় ছবিটা। রিকশয় করে যাওয়ার সময় হঠাৎই একজনকে ফোন করে মহিলা টাকার কথা বলেন। এরপর আরও খানিকটা এগনোর পর একটি দোকান দেখিয়ে বৃদ্ধা রিকশচালক ও মাছ ব্যবসায়ীর ওই কর্মীকে টাকা নিয়ে আসতে বলেন। তাঁরা দোকানের দিকে যেতেই উধাও হয়ে যান মহিলা। তারপর আর খোঁজ মেলেনি তাঁর। এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও। প্রসেনজিৎ বলেন, ওই বৃদ্ধাকে দেখে বোঝাই যায়নি, তিনি এমন কাজ করতে পারেন। খুব শিক্ষা হল। ভবিষ্যতে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকব।

Advertisement
সম্পর্কিত সংবাদ