Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাওয়ে ম্যাচে আজ মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া, ছন্দ বজায় রাখতে চায় মোহন বাগান

অ্যাওয়ে ম্যাচে আজ মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া, ছন্দ বজায় রাখতে চায় মোহন বাগান
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজার্ভ বেঞ্চের গভীরতার উপরই নির্ভর করে দলের সাফল্য। চলতি আইএসএলে একাধিক ম্যাচে পরিবর্ত ফুটবলারদের কাঁধে ভর করেই জয় ছিনিয়ে নিয়েছে মোহন বাগান। স্বাভাবিকভাবেই ছেলেদের এই পারফরম্যান্সে আপ্লুত কোচ হোসে মোলিনা। দলের এই হার না মানা মানসিকতায় ভর করেই শুক্রবার অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধেও তিন পয়েন্ট পেতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহন বাগান। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি’র সংগ্রহ ১২ ম্যাচে ২৪ পয়েন্ট। ফলে শুক্রবার জিতলে পাঁচ পয়েন্টের লিড পাবে মোলিনা-ব্রিগেড।
Advertisement
গত ম্যাচে ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষলগ্নের গোলে দুরন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মোহন বাগান। পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভরসা জোগান আশিক কুরুনিয়ান ও জেসন কামিংস। চলতি মরশুমে স্বদেশীয় জেমি ম্যাকলারেন যোগ দিতেই বেঞ্চে ঠাঁই হয়েছে অজি স্ট্রাইকারের। তবে বিন্দুমাত্র ক্ষোভ নেই তাঁর মধ্যে। বরং সুযোগ পেলেই নিজেকে নিংড়ে দিচ্ছেন। ঘরের মাঠে টানা দু’টি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে স্কোরশিটে নাম তোলেন কামিংস। ফুটবলারদের স্বার্থহীন মানসিকতাই কোচ মোলিনার সাফল্যের চাবিকাঠি। বললেন, ‘প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। বিশেষত বিদেশি ফুটবলাররা জানে, একসঙ্গে তারা সকলে মাঠে নামতে পারবে না। তাই সুযোগ পেলেই তারা সেরাটা মেলে ধরছে। তাছাড়া আমার দলে ম্যাচ উইনারের অভাব নেই।’
গত মরশুমে গোয়ার বিরুদ্ধে প্রথম লেগে ঘরের মাঠে ১-৪ ব্যবধানে বশ মেনেছিল মোহন বাগান। ফিরতি লেগে অবশ্য গোয়ার মাটিতে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। এবারও সেই ধারা বজায় রেখে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য বাগান কোচের। উল্লেখ্য, আইএসএলে এখনও পর্যন্ত কোনও দল টানা দু’বার লিগ-শিল্ড জেতেনি। এবার মোহন বাগানের কাছে সেই সুযোগ রয়েছে। কোচ মোলিনা অবশ্য বেশি দূরের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ এগতে চান। তাঁর সংযোজন, ‘আমরা আপাতত গোয়া ম্যাচে মনঃসংযোগ করছি। গত কয়েকটি ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে। আগামী দিনেও এই মানসিকতা বজায় রাখতে হবে।’ উল্লেখ্য, চোট সারিয়ে এখনও পুরো সুস্থ নন গ্রেগ স্টুয়ার্ট। ফলে শুক্রবারও এই তারকা মিডিওকে বাইরে রেখেই দল সাজাবেন কোচ মোলিনা।
শেষ ছ’টি ম্যাচে অপরাজিত এফসি গোয়া। তার মধ্যে চারটিতে জয় পেয়েছে মানোলো মার্কুয়েজ ব্রিগেড। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। তাঁর বিশ্লেষণ, ‘গোয়ার বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না। গত কয়েকটি ম্যাচেই তারা উপভোগ্য ফুটবল খেলছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ পক্ষান্তরে, গোয়া কোচ মানোলোর কথায়, ‘লিগের সবচেয়ে ধারাবাহিক দলের বিরুদ্ধে খেলতে নামছি আমরা। ভারতীয় স্কোয়াডের পাশাপাশি বিদেশি ফুটবলারদের মান বেশ ভালো। ফলে কঠিন লড়াই অপেক্ষা করছে।’ ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ