Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ওভারহেড তার ছিঁড়ে ট্রেনের উপর, আগুনের জেরে আতঙ্ক, দক্ষিণেশ্বর স্টেশনে প্রাণভয়ে ছোটাছুটি নিত্যযাত্রীদের

বুধবার রাতে দক্ষিণেশ্বর স্টেশনে লোকাল ট্রেনের উপর ওভারহেড তার ছিঁড়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়

ওভারহেড তার ছিঁড়ে ট্রেনের উপর, আগুনের জেরে আতঙ্ক, দক্ষিণেশ্বর স্টেশনে প্রাণভয়ে ছোটাছুটি নিত্যযাত্রীদের
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার রাতে দক্ষিণেশ্বর স্টেশনে লোকাল ট্রেনের উপর ওভারহেড তার ছিঁড়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আগুনের স্ফুলিঙ্গ আতসবাজির মতো ঝরে পড়ে। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক যাত্রী প্ল্যাটফর্মে পড়ে যাওয়ায় পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। অফিস ফেরত যাত্রীরা শেষমেশ সড়কপথে গন্তব্যে যেতে বাধ্য হন। শুধুমাত্র ডানকুনি-শিয়ালদহ লাইন নয়, বারাকপুর ও বনগাঁ লাইনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। দু’ঘণ্টার বেশি সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

Advertisement

রাত ৮টা ৫০ মিনিট নাগাদ ডানকুনি-শিয়ালদহ লোকাল দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছিল। সেই সময় আচমকা ওভারহেড ইলেকট্রিক তার ছিঁড়ে ট্রেনের উপর পড়ে। প্রবল আওয়াজের পাশাপাশি আতসবাজির মতো আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। পাশাপাশি ট্রেনের উপর ওভারহেড ইলেকট্রিক তার বিপজ্জনকভাবে দুলতে থাকে। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে দৌড়াতে শুরু করেন। অনেকে আবার লাফ দিয়ে উলটো দিকে নেমে পাশের প্ল্যাটফর্মে ওঠেন। এই হুড়োহুড়ির মধ্যেই অনেকে পড়ে যান। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে দ্রুত জিআরপি ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছায়। ছুটে আসেন রেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কারিগরি বিশেষজ্ঞদের টিম। রেল সূত্রে জানা গিয়েছে, রেলের টাওয়ার ওয়াগন এনে ওভারহেড তার মেরামতের পর রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী তথা বরানগরের বাসিন্দা অপূর্ব দত্ত বলেন, দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেন থেকে নামার সময় বিকট আওয়াজ শুনতে পাই। এরপর দেখি, ট্রেনের উপর থেকে আগুন ঝরে পড়ছে। পুরো ওভারহেড তার দুলছে। প্রাণভয়ে আমরা দৌড়াতে শুরু করি। অনেকেই তার মধ্যে পড়ে যান। এক ভয়াবহ দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। সঠিক রক্ষণাবেক্ষণ হলে নিশ্চয়ই এমন দুর্ঘটনা ঘটত না।

Advertisement
সম্পর্কিত সংবাদ