Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্রোয়েশিয়ার বাধা টপকানোই চ্যালেঞ্জ ইংল্যান্ডের

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে চ্যালেঞ্জে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের পরিবর্তে টমাস টুচেল, কী হবে শেষ পর্যন্ত? বিস্তারিত পড়ুন।

ক্রোয়েশিয়ার বাধা টপকানোই চ্যালেঞ্জ ইংল্যান্ডের
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আর্লিংটন: ২০১৮ বিশ্বকাপের সেমি-ফাইনাল। রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৫ মিনিটে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ গ্যারেথ সাউথগেটের ছেলেরা। লুকা মডরিচ-ইভান পেরিসিচদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া। আর ১৯৬৬ বিশ্বচ্যাম্পিয়নদের অপেক্ষা আরও বাড়ে। চারবছর পরে তো শেষ আটের গণ্ডি টপকাতে ব্যর্থ থ্রি লায়ন্স। সেই সঙ্গে ইংল্যান্ড শিবিরে বয় কোচ বদলের হাওয়া। সাউথগেটকে সরিয়ে বর্তমানে হেড কোচের দায়িত্বে টমাস টুচেল। জার্মান কোচের হাত ধরেই দীর্ঘ ছয় দশকের অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া হ্যারি কেনরা। তবে শুরুতেই তাঁদের সামনে কঠিন লড়াই। বুধবার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আট বছর আগের সেই হারের জ্বালা আজও টাটকা কেনদের বুকে। বুধবার ডালাস স্টেডিয়ামে তারই মধুর প্রতিশোধ নিয়ে মরিয়া টুচেল ব্রিগেড। পক্ষান্তরে, কেরিয়ারের শেষ বিশ্বকাপে অধরা মাধুরী লাভের আশায় নামছেন লুকা মডরিচ।

Advertisement

মার্কিন মুলুকে একাধিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডকে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮ দলের মধ্যে তাদেরকেই সবচেয়ে বেশি বিমানের ধকল সামলে ম্যাচ খেলতে হবে। বর্তমানে কানসাস সিটিতে প্রস্তুতি সারছে টুচেল ব্রিগেড। আর প্রথম ম্যাচ রয়েছে ডালাসে। অথাৎ প্রায় ন’শো কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার ম্যাচ খেলতে নামছেন হ্যারি কেনরা। তারউপর দলের একাধিক ফুটবলার চোটগ্রস্থ। তাঁদের মধ্যে টিনো লিভ্রামেন্টো ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাই প্রথম ম্যাচে দল সাজানোর আগে কিছুটা হলেও চাপে কোচ টুচেল। তবে যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হাসি মুখে মাঠ ছাড়াই লক্ষ্য ববি চার্লটনের উত্তরসূরিদের।
অন্যদিকে, এবারও যাবতীয় প্রচারের আলোয় থেকে কয়েকশো ক্রোশ দূরে ক্রোয়েশিয়া। অথচ শেষ দু’টি বিশ্বকাপে ফ্রান্সের পর তারাই সবচেয়ে ধারাবাহিক দল। রাশিয়ায় ফাইনাল খেলার পাশাপাশি কাতারে পৌঁছেছিল সেমি-ফাইনালে। সেই ধারা বজায় রেখে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই লক্ষ্য ক্রোটদের। দলে মডরিচ, ইভান পারিসিচ, মাতেও কোভাসিচের মতো অভিজ্ঞ ফুটবালরের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন একঝাঁক তরুণ ফুটবলার। তাই ইংল্যান্ডের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে কোনোরকম গিমিকের পথে না হেঁটে স্রেফ নিজেদের স্বাভাবিক ফুটবলটাই মেলে ধরতে মরিয়া ডেভর সুকেরের দেশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ