Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের আগে শহরে ২৪ ঘণ্টায় ১১ লক্ষেরও বেশি নগদ উদ্ধার

ভোটের আগে শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গাগুলিতে নাকা তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও ফ্লাইং স্কোয়াড টিম নজরদারি চালাচ্ছে।

ভোটের আগে শহরে ২৪ ঘণ্টায় ১১ লক্ষেরও বেশি নগদ উদ্ধার
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গাগুলিতে নাকা তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও ফ্লাইং স্কোয়াড টিম নজরদারি চালাচ্ছে। সেই তল্লাশিতে শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওয়াটগঞ্জ, ঠাকুরপুকুর ও গার্ডেনরিচ থানা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১১ লক্ষ ২৮ হাজার টাকা। টাকার উপযুক্ত নথি দেখাতে না পারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

শনিবার ভোর ৫টা নাগাদ দক্ষিণ বন্দর থানা এলাকার সুইং ব্রিজের কাছে নাকা তল্লাশি চালাচ্ছিল স্ট্যাটিক সার্ভিলেন্স টিম। সে সময় এক যুবককে হাতে একটি ব্যাগ নিয়ে একা হেঁটে আসতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাঁকে আটকে ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ২ লক্ষ ১৮ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, নীরজ কুমার গুপ্তা নামে ওই ব্যক্তি টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন সে প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি। তাই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এদিন সকালেই জোকা ট্রাম ডিপোর কাছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম একটি এসইউভি গাড়ি আটকে তল্লাশি করে। গাড়িতে পাঁচ ব্যক্তি ছিল। তাঁদের কাছ থেকে একটি খয়েরি রঙের ব্যাগ উদ্ধার হয়। ব্যাগে থাকা ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ঠাকুরপুকুর থানায় তা জমা করা হয়। গড়িটির যাত্রীদের দাবি, টাকার উপযুক্ত নথি আছে। আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে সেই নথি পেশ করার নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়াও কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার প্রান্তে সারপ্রাইজ নাকা তল্লাশি চলছিল। একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কেন্দ্রীয় বাহিনী তাকে আটকায়। তারপর ৪ লক্ষ ১৮ হাজার টাকা নগদ উদ্ধার করে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৫০০ টাকার ৮০০টি নোট, ২০০ টাকার ২৪টি, ১০০ টাকার ৪৩টি ও ৫০ টাকার ১৪টি নোট। 

সম্পর্কিত সংবাদ