Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

৭ হাজারের বেশি দুর্নীতি মামলা ঝুলে সিবিআইয়ের

৭ হাজার ২০০-র বেশি। সিবিআইয়ের তদন্তাধীন এই বিপুল পরিমাণ দুর্নীতি মামলার বিচার এখনও শেষ হয়নি। এরমধ্যে বেশ কিছু মামলা ২০ বছরের বেশি পুরানো।

৭ হাজারের বেশি দুর্নীতি মামলা ঝুলে সিবিআইয়ের
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ৭ হাজার ২০০-র বেশি। সিবিআইয়ের তদন্তাধীন এই বিপুল পরিমাণ দুর্নীতি মামলার বিচার এখনও শেষ হয়নি। এরমধ্যে বেশ কিছু মামলা ২০ বছরের বেশি পুরানো। বিরোধী শিবির নয়। বার্ষিক রিপোর্টে এই তথ্য পেশ করেছে খোদ কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি)। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ২২৯টি মামলার বিচার এখনও শেষ হয়নি। এর মধ্যে ১ হাজার ৬১২টি মামলা প্রায় ৩ বছরের পুরানো। তিন থেকে পাঁচ বছর পুরানো মামলার সংখ্যা ৮৬০। ৫ থেকে ১০ বছর ধরে বিচারাধীন রয়েছে ১ হাজার ৯০১টি মামলা। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে দায়ের করা ২ হাজার ৪৪৭টি মামলা ১০ থেকে ২০ বছর ধরে বকেয়া রয়েছে। ৪০৯টি মামলা ২০ বছরের বেশি পুরানো। এছাড়াও এমন বহু দুর্নীতি মামলা রয়েছে যেখানে নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সংখ্যাটা প্রায় ১৪ হাজার ৮৩। সেসব মামলা এখনও বিচারাধীন। মামলার নিষ্পত্তিতে কেন এতো দেরি হচ্ছে? তারও ব্যাখ্যা দিয়েছে সিভিসি। রিপোর্টে তারা জানিয়েছে, ‘মূলত আর্থিক অপরাধ ও ব্যাংক জালিয়াতি সংক্রান্ত মামলায় নথি যাচাইয়ে অনেক বেশি সময় নেওয়া হয়েছে। হিসাব বহির্ভূত সম্পদের মামলায় একই প্রবণতা দেখা গিয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ