Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

প্রিয়াঙ্কার ‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যের প্রতিবাদে সরব দু’শতাধিক শিক্ষাবিদ

দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নতুন টাস্ক ফোর্স তৈরি করেছে মোদি সরকার। সেখানে সদস্য করা হয়েছে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে।

প্রিয়াঙ্কার ‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যের প্রতিবাদে সরব দু’শতাধিক শিক্ষাবিদ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নতুন টাস্ক ফোর্স তৈরি করেছে মোদি সরকার। সেখানে সদস্য করা হয়েছে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে। তাঁকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদের ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে খোলা চিঠি লিখলেন দেশের ২০০ জনেরও বেশি উপাচার্য, প্রাক্তন উপাচার্য, অধ্যাপক। প্রিয়াঙ্কার উদ্দেশে সেখানে লেখা হয়েছে, ‘আইআইটি মাদ্রাজের ডিরেক্টর সম্পর্কে আপনি যে মন্তব্য করেছেন, তাতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ। মজাই হোক বা রাজনৈতিক শ্লাঘা—এধরনের শব্দ-বন্ধনী শুধুমাত্র একজন ব্যক্তিবিশেষের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না।’ কামাকোটির শিক্ষাগত যোগ্যতা, গবেষণাপত্র সহ বিস্তারিত অভিজ্ঞতা, পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এই শিক্ষাবিদদের মতে, কোনো তত্ত্ব নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু, তা নিয়ে উপহাস করা উচিত নয়। তাঁদের সংযোজন, এক সময় যে সমস্ত ধারণাকে অসম্ভব বলে মনে করা হত, পরে তার মধ্যে অনেকগুলি বৈজ্ঞানিকভাবে সত্যি প্রমাণিত হয়েছে। কখনো কখনো সেগুলি গ্রহণযোগ্যও হয়ে উঠেছে। তাই সাংসদের ওই মন্তব্য দেশের শিক্ষাবিদ ও গবেষকমহলে ভালো বার্তা পাঠাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ