Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

গত পাঁচ বছরে দেশজুড়ে তালা পড়েছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুলে

বিজেপি সরকারের আমলে দেশব্যাপী বন্ধ হচ্ছে একের পর এক সরকারি স্কুল। শিক্ষামন্ত্রকের এসংক্রান্ত এক খতিয়ানেই ফের এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

গত পাঁচ বছরে দেশজুড়ে তালা পড়েছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুলে
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বিজেপি সরকারের আমলে দেশব্যাপী বন্ধ হচ্ছে একের পর এক সরকারি স্কুল। শিক্ষামন্ত্রকের এসংক্রান্ত এক খতিয়ানেই ফের এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।  তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির বড়ো অংশেই এহেন পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনকি এই তালিকায় রয়েছে বাংলাও। তবে  খতিয়ানে যে সময়সীমার উল্লেখ করা হয়েছে, তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস সরকার। যদিও দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসংক্রান্ত পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, মোদি সরকারের আমলে তাহলে কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই অত্যধিক প্রাধান্য দেওয়া হচ্ছে? আর সেই কারণেই ক্রমে গুরুত্ব হারাচ্ছে সরকারি বিদ্যালয়? 

Advertisement

লোকসভায় সমাজবাদী পার্টির (সপা) সাংসদ আনন্দ ভাদুরিয়ার এব্যাপারে লিখিত প্রশ্ন করেন। লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত সারা দেশে সরকারি স্কুলের রাজ্যভিত্তিক তালিকা লোকসভায় পেশ করেছেন।  তাতে দেখা গিয়েছে যে, বিগত পাঁচটি আর্থিক বছরে দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে। অর্থাৎ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্রমেই বন্ধ হচ্ছে। ২০২১-২২ অর্থবর্ষে দেশে সরকারি স্কুলের সংখ্যা ছিল ১০ লক্ষ ২২ হাজার ৩৮৬। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫ হাজার ২৪৫। অর্থাৎ, পাঁচ বছরে সারা দেশে সরকারি বিদ্যালয়ের সংখ্যা এক ধাক্কায় কমে গিয়েছে ১৭ হাজার ১৪১টি! 
বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের কী পরিস্থিতি? পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে, অসমে ২০২১-২২ অর্থবর্ষে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৪৫ হাজার ৪৯০টি। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৫০টি। হরিয়ানায় ১৪ হাজার ৫৬২টি থেকে কমে সংখ্যাটি দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৮টিতে। মধ্যপ্রদেশে এই সময় পর্বে  সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯২ হাজার ৬৯৫ থেকে কমে হয়েছে ৯১ হাজার ১৯৯টি। মহারাষ্ট্রে ৬৫ হাজার ৬৩৯ থেকে কমে হয়েছে ৬৪ হাজার ৫৭১টি। ওড়িশায় ৪৯ হাজার ৭২ থেকে কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬০৩টি। ত্রিপুরায় ছিল ৪ হাজার ২৬২টি স্কুল। হয়েছে ৪ হাজার ১৪৪টি। উত্তরাখণ্ডে ১৬ হাজার ৪৮৪টি থেকে কমে হয়েছে ১৫ হাজার ৮৩৪টি। আর বাংলায়? ২০২১-২২ আর্থিক বছরে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৮৩ হাজার ৩০২টি। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে হয়েছে ৮১ হাজার ৫৯১টি। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, সরকারি স্কুল খোলা কিংবা বন্ধ বা সংযুক্তিকরণের যাবতীয় দায় সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রশাসনের।

Advertisement
সম্পর্কিত সংবাদ