Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সকাল সকাল ভোট দিতে মুখিয়ে কলকাতার ১৭ লক্ষের বেশি ভোটার, মমতার কেন্দ্রেই সর্বাধিক ‘পিঙ্ক বুথ’

২৬-এর মহারণে বুধবার ভোট দেবেন ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটার। এর মধ্যে রয়েছে কলকাতা শহরের ১১টি কেন্দ্রের ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৪৫ জন ভোটার।

সকাল সকাল ভোট দিতে মুখিয়ে কলকাতার ১৭ লক্ষের বেশি ভোটার, মমতার কেন্দ্রেই সর্বাধিক ‘পিঙ্ক বুথ’
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৬-এর মহারণে বুধবার ভোট দেবেন ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটার। এর মধ্যে রয়েছে কলকাতা শহরের ১১টি কেন্দ্রের ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৪৫ জন ভোটার। ভোট হবে ২,৯২৮ বুথে। তবে এদিন নজর কাড়তে চলেছে কলকাতার ৩১০টি ‘পিঙ্ক বুথ’। যেখানে ভোটপ্রক্রিয়া পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে থাকবেন মহিলারা। উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতার মধ্যে সর্বাধিক মহিলা পরিচালিত বুথ থাকছে ভবানীপুরে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ‘পিঙ্ক বুথ’-এর সংখ্যা ২৪। এছাড়া প্রতিটি কেন্দ্রেই থাকছে একাধিক মহিলা পরিচালিত বুথ। 

Advertisement

প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছিল বাংলায়। মহিলা ভোটারদের ভোট দেওয়ার হারও ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট পড়বে বলেই ধরে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সকাল সকাল ভোট দিতে ঢল নামবে মহিলাদের। তবে শুধু ভোট দেওয়াই নয়, ভোট নেওয়ার ক্ষেত্রেও সমান পারদর্শিতার সঙ্গে কাজ করবেন বাংলার ‘লক্ষ্মী বাহিনী’। 
মঙ্গলবার উত্তর কলকাতার ডিসিআরসি নেতাজি ইনডোর স্টেডিয়ামে ধরা পড়ল চূড়ান্ত ব্যস্ততার ছবি। এখান থেকে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ১,৮৯৫টি বুথে ইভিএম এবং অন্যান্য ভোটসামগ্রী নিয়ে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। 
এছাড়াও উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে একাধিক আবাসনে এবার বুথ হয়েছে। নজর কাড়তে চলেছে কলকাতা শহরের মডেল বুথগুলিও। বন্দর বিধানসভা কেন্দ্রে মডেল বুথ হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে। রাসবিহারীতে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এবং বালিগঞ্জে সেন্ট লরেন্স স্কুলে হচ্ছে মডেল বুথ। এই তিনটি মডেল বুথই মহিলা পরিচালিত। উত্তর কলকাতায় জয়পুরিয়া কলেজে হচ্ছে মডেল বুথ। কসবা বিধানসভা কেন্দ্রে রথতলার দিল্লি পাবলিক স্কুলে মডেল বুথ তৈরি হয়েছে। মোট তিনটি ঘরে ভোট গ্রহণ হবে। সেখানে রাখা হয়েছে সেলফি জোন। সেই সঙ্গে বুথ এলাকা বেলুন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। বুথে কী করা উচিত ও কী অনুচিত, তাও লেখা রয়েছে সেখানে। নির্বাচন কমিশনের এ বছরের স্লোগান ‘গর্বের দাগ’। বড়ো বড়ো ফ্লেক্সে সেই বার্তা লেখা হয়েছে বুথের ভিতরে। যাদবপুর বিধানসভা কেন্দ্রের সাউথ সিটি আবাসনে তৈরি হয়েছে ‘পিঙ্ক বুথ’। সাউথ সিটির বুথে আবার বড়ো জায়গা রাখা হয়েছে, যেখানে ভোটাররা ভোট দিয়ে স্বাক্ষর করতে পারবেন। এর পাশাপাশি যাদবপুর বিধানসভা কেন্দ্রের কে কে দাস কলেজে একটি বুথকে মডেল করা হয়েছে। বেহালা পশ্চিমে ডায়মন্ড সিটি ওয়েস্ট, বেহালা পূর্বতে শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠ ফর বয়েজ, টালিগঞ্জে সেন্ট্রাল সিভিল ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউট, মেটিয়াবুরুজে আকড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠেও মডেল বুথ তৈরি করা হয়েছে। 
শুধু মডেল বুথ নয়, আলিপুরের সিস্টার নিবেদিতা কলেজে মডেল ডিসিআরসি করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা এই ক্যাম্প থেকে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন। সেখানে তৈরি করা হয়েছিল ফুড কোর্ট, সেলফি জোন। গোটা ক্যাম্প সাজানো হয় গোলাপি রঙে। প্রথমবার ভোটের কাজে যোগ দিতে যাচ্ছিলেন সুপ্রিয় দত্ত। তিনি বলেন, ‘ব্যবস্থাপনা ভালোই। প্রথমবার ভোটের কাজ করতে যাচ্ছি। তাই একটা আলাদা উত্তেজনা তো আছেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ