Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে ১০০ দিনের কাজের সুপারভাইজারের বাড়িতে ক্ষোভ, জবকার্ড জমা রেখে টাকা আত্মসাতের অভিযোগ বাসিন্দাদের

নন্দীগ্রামে ১০০ দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে জবকার্ড জমা রেখে টাকা আত্মসাতের অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ। বিস্তারিত পড়ুন।

নন্দীগ্রামে ১০০ দিনের কাজের সুপারভাইজারের বাড়িতে ক্ষোভ, জবকার্ড জমা রেখে টাকা আত্মসাতের অভিযোগ বাসিন্দাদের
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১০০ দিনের জবকার্ড জমা রেখে মজুরির টাকা আত্মসাৎ করার অভিযোগে সুপারভাইজারের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীরা। রবিবার সকালে নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-২ পঞ্চায়েতের আমড়াতলা গ্রামে এনিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা মঞ্জুরি গিরি ১০০দিনের কাজের সুপারভাইজার। তিনি এলাকার অনেকের জবকার্ড নিজের জিম্মায় রেখেছিলেন বলে অভিযোগ। এমনকি, তাঁদের পারিশ্রমিকের টাকাও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এদিন সকালে সেইসব জবকার্ডধারী তাঁর বাড়িতে চড়াও হন। গেট লাগিয়ে দেওয়ায় ভিতরে ঢুকতে না পারলেও বিক্ষোভকারীরা ইট, পাথর ছোড়ে। ওই সুপারভাইজার অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার সকালেই আমড়াতলা গ্রামের সুমিত্রা সিং, লীলাবতী সিং, কানন সিং সহ আরও অনেকে দলবেঁধে সুপারভাইজারের বাড়িতে হানা দেন। তাঁদের সকলের অভিযোগ, সুপারভাইজার জবকার্ড নিজের জিম্মায় রেখেছেন। সেই জবকার্ড রেখে তাঁদের পাওনা টাকাও হাতিয়ে নিয়েছেন। এরপর ওই সুপার ভাইজারের বাড়ির কলাপসিবল গেট ধরে টানাহেঁচড়া করা হয়। মঞ্জুরি গিরিদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। তারপরই বিক্ষোভকারীরা ইট, পাথর ছুড়তে শুরু করে।

Advertisement

বিক্ষোভকারী লীলাবতী সিং বলেন, আমাদের জবকার্ড সুপারভাইজার নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা পঞ্চায়েত অফিসে যাওয়ার পর প্রধান ওই সুপারভাইজারের কাছ থেকে কার্ড সংগ্রহ করার কথা বলেন। আমি সেই কার্ড আনতে গেলে মঞ্জুরি গিরি দেননি। তিনি তাচ্ছিল্যের সঙ্গে জানান, যে দলকে ভোট দিয়েছি তারাই কার্ড দেবে। আমার স্বামী প্রতিবন্ধী ছিলেন। তিনি মারা গিয়েছেন। স্বামীর নামে আবাস যোজনায় বাড়ি এসেছিল। সেটা থেকেও বঞ্চিত হয়েছি। এই সুপারভাইজার আমার মতো অনেকের ক্ষতি করেছেন। তাই বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি।আর এক বিক্ষোভকারী কানন সিং বলেন, আমাদের জবকার্ড ওই সুপারভাইজার নিজের কাছে রেখে দিয়েছেন। আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষের পারিশ্রমিকের টাকা আত্মসাৎ করেছেন। নিজে মস্ত বড় বাড়ি বানিয়েছেন। অথচ, আমরা আবাসের বাড়ির প্রাপ্য টাকা, মজুরির টাকা থেকে বঞ্চিত। মানুষজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদে শামিল হয়েছেন। যদিও সুপারভাইজার মঞ্জুরি গিরি বলেন, মিথ্যা অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাতে এসেছে। ওঁরা অনেকদিন আগে একটা খাল খননের কাজ করেছেন। সেই পেমেন্ট হয়ে গিয়েছে। এখন জবকার্ডের ই-কেওয়াইসি করা হচ্ছে। প্রত্যেকের কাছে জবকার্ড আছে। আমার কাছে কারও জবকার্ড নেই। আমার শাশুড়ি একজন স্বাধীনতা সংগ্রামী। আমাদের জমিজায়গা আছে। আমরা নিজেদের রোজগারে পাকাবাড়ি বানিয়েছি। পরিকল্পিতভাবে হেনস্তা করতে দলবেঁধে আমার বাড়িতে এসেছিল।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ