Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ওড়িশার বিরুদ্ধে দ্রুত গোল চায় সঞ্জয়ের বাংলা

ওড়িশার বিরুদ্ধে দ্রুত গোল চায় সঞ্জয়ের বাংলা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার বাংলার প্রতিপক্ষ ওড়িশা। গ্রুপ পর্যায়ে দুরন্ত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসের তুঙ্গে বঙ্গ ব্রিগেড। তবে নক-আউট মানেই অন্য চ্যালেঞ্জ। পোড়খাওয়া কোচ সঞ্জয় সেন তা ভালোমতো জানেন। দ্রুত লক্ষ্যভেদ করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান বাংলার কোচ। সঞ্জয়ের মন্তব্য, ‘ফুটবলারদের উপর ভরসা আছে। তারা মাঠে নামতে মুখিয়ে। গোলের সুযোগ কাজে লাগাতে হবে।’ উল্লেখ্য, গ্রুপে একমাত্র মণিপুর বাদে সবক’টি ম্যাচেই দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে বাংলা দল। বাসুদেব, নরহরি, রবিলাল, মনোতোষদের পাসিং ফুটবল প্রাক্তনদের প্রশংসা কুড়িয়েছে। 
Advertisement
তেলেঙ্গানার কৃত্রিম ঘাসের মাঠে বাংলা বনাম ওড়িশা ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। দুপুরে টার্ফে খেলা বেশ কষ্টকর। দ্বিতীয়ার্ধে ফিটনেসে টান পড়তে পারে। তার উপর টানা ম্যাচ খেলার ধকল তো রয়েইছে। তাই শুরুতে প্রেসিং ফুটবলের ঝড় চায় বাংলা টিম ম্যানেজমেন্ট। রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, নরহরি শ্রেষ্ঠাদের উপস্থিতিতে আক্রমণভাগ বেশ ব্যালান্সড। তবে চোটের কারণে সার্ভিসেস ম্যাচের গোলদাতা বাসুদেব মান্ডি নেই। বাংলার কোচ অবশ্য তা নিয়ে ভাবতে রাজি নন। সঞ্জয় সেনের সোজাসাপ্টা মন্তব্য, ‘ফুটবলে চোট আঘাত থাকে। বাকিরা নিশ্চয়ই যোগ্যতা প্রমাণ করবে।’ প্রতিপক্ষ ওড়িশা এবারের কালো ঘোড়া। শক্তিশালী গোয়াকেও হারিয়েছে তারা। শুরুতে বাংলার চাপ সামলে প্রতি আক্রমণই তাদের লক্ষ্য। এই ধরণের ম্যাচে দ্রুত গোল না হলে ক্রমশ ধৈর্য হারাবে প্রতিপক্ষ। বাংলাকে ভুলের ফাঁদে জড়িয়ে বাজিমাত করতে চায় ওড়িশা।
(ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে।)
সম্পর্কিত সংবাদ