Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ওড়িশাকে হারিয়ে শেষ চারে বাংলা

ওড়িশাকে হারিয়ে শেষ চারে বাংলা
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে বাংলার দুরন্ত ফর্ম অব্যাহত। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে ওড়িশাকে ৩-১ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বঙ্গ ব্রিগেড। গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক নরহরি শ্রেষ্ঠা। এছাড়া বাংলার হয়ে স্কোরশিটে নাম তোলেন রবি হাঁসদা ও মনোতোষ মাঝি। ওড়িশার একমাত্র গোলটি রাকেশ ওরামারের। ধাক্কা খেয়েও ছেলেরা যেভাবে লড়াইয়ে ফেরে, তার ভূয়সী প্রশংসা করেন কোচ সঞ্জয় সেন। তাঁর কথায়, ‘আগেই বলেছিলাম, ওড়িশার বিরুদ্ধে লড়াইটা কঠিন হতে চলেছে। ওদের পরিকাঠামো ভারতীয় ফুটবলে সবচেয়ে ভালো। তাই দলটিকে হাল্কাভাবে নিলে ভুগতে হতো। কঠিন ম্যাচে দারুণ লড়াই মেলে ধরেছে ফুটবলাররা।’
Advertisement
গত কয়েক বছর সন্তোষ ট্রফিতে বারবার ব্যর্থ হয়েছে বাংলা। চলতি আসরে সাফল্যের ব্যাপারে বদ্ধপরিকর সঞ্জয় সেনের ছেলেরা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নক-আউটে পৌঁছয় তারা। তবে বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ২৫ মিনিটে রাকেশ ওরামের গোলে লিড নেয় ওড়িশা (১-০)। পাশাপাশি একটি বল পোস্টে ধাক্কা খায়। এই পর্বে ওড়িশার আধিপত্য ছিল বেশি। পিছিয়ে পড়েই পরিবর্তনের পথে হাঁটেন বাংলার কোচ। অমরনাথের পরিবর্তে ইসরাফুলকে মাঠে নামান তিনি। এটাই মাস্টারস্ট্রোক। তরুণ এই উইঙ্গার নামতেই বাংলার আক্রমণে গতি বাড়ে। প্রথমার্ধের সংযোজিত সময়ে সমতা ফেরান নরহরি (১-১)। এরপর দ্বিতীয়ার্ধে তাঁর বাড়ানো পাস ধরে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান রবি হাঁসদা (২-১)। আর ম্যাচের শেষলগ্নে জয়ের ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে মাঠে নামা মনোতোষ মাঝি (৩-১)।
বাংলা- ৩           :            ওড়িশা- ১
সম্পর্কিত সংবাদ