Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিদ্ধান্ত নিতে আরও সময় চাইলেন অস্কার ব্রুজোঁ

আগামী ৩১ মে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে অস্কার ব্র‌ুজোঁর। আগামী মরশুমে কি স্প্যানিশ কোচ থাকবেন? তা নিয়ে সমর্থকদের মধ্যে জোর চর্চা।

সিদ্ধান্ত নিতে আরও সময় চাইলেন অস্কার ব্রুজোঁ
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩১ মে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে অস্কার ব্র‌ুজোঁর। আগামী মরশুমে কি স্প্যানিশ কোচ থাকবেন? তা নিয়ে সমর্থকদের মধ্যে জোর চর্চা। আরও দু’দিন কলকাতায় থাকবেন অস্কার। স্পেনে ফিরে যাওয়ার আগেই ইমামি ইস্ট বেঙ্গলকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি। অর্থাৎ টিম ম্যানেজমেন্টের কাছে কিছুটা বাড়তি সময় চাইলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। এই বিষয়ে ইমামি কর্ণধার আদিত্য আগরওয়ালের মন্তব্য, ‘দ্রুত সবকিছু জানানো হবে।’

Advertisement

চলতি মরশুমে ভারতসেরা ইস্ট বেঙ্গল। মঙ্গলবার দুপুরে ময়দানের লাল-হলুদ তাঁবু থেকে কিছু সময়ের জন্য বাইপাসে লগ্নিকারী সংস্থার অফিসে আইএসএল ট্রফি আনা হয়। স্প্যানিশ কোচের সঙ্গে সেলফি তুলতে হাজির ছিলেন বেশ কিছু অনুরাগী। তারইমধ্যে প্রায় ঘণ্টাখানেক অস্কারের সঙ্গে বৈঠক সারেন কর্তারা। সূত্রের খবর, বাজার ভালো বুঝেই কিছু শর্ত চাপাতে চলেছেন অস্কার। নিজের কোর টিম ধরে রাখার বিষয়েও সচেষ্ট তিনি। অথচ কয়েকদিন আগেও পরিস্থিতি ছিল অন্যরকম। টানা ৩ ম্যাচে পয়েন্ট খুইয়ে কোণঠাসা ছিলেন অস্কার। কোচবদলের দাবিও ডালপালা মেলতে শুরু করে। সেইসময় অনেকেই ধরে নিয়েছিলেন অস্কারের বিদায় নিশ্চিত। এমনকি, আইএসএলের মাঝপথে খোদ স্প্যানিশ কোচও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন, ‘মরশুম শেষে দল ছাড়ছি।’ কিন্তু ময়দানে কোনো কিছুই স্ট্যাটিক নয়। ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতেই ভিআইপির মর্যাদা পাচ্ছেন স্প্যানিশ কোচ। যে কোনও মূল্যে তাঁকে ধরে রাখার সুর চড়ছে ক্লাবের অন্দরে। 
আগামী ১২ আগস্ট এএফসি কাপে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। যুবভারতীতে কুয়েতের চ্যাম্পিয়ন ক্লাবের বিরুদ্ধে খেলবে মশাল বাহিনী। কিন্তু তার আগে প্রি-সিজনের জন্য অন্তত একমাস ট্রেনিং প্রয়োজন। এছাড়া জুলাইয়ের মাঝমাঝি শুরু ডুরান্ড কাপ। সবমিলিয়ে দ্রুত ঘর গোছাতে হবে ম্যানেজমেন্টকে। আনোয়ার, বিপিন, জয় গুপ্তা, শৌভিক, বিষ্ণু, এডমুন্ড, নাওরেম মহেশ সহ একঝাঁক ভারতীয় ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। গোলরক্ষক প্রভসুখন সিং গিল, লালচুংনুঙ্গাদের চুক্তি শেষ ৩১ মে। ওইদিনই বিদেশিদের সঙ্গে চুক্তি শেষ। কেভিন, মিগুয়েল ও রশিদকে ধরে রাখতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। কিন্তু অস্কার না থাকলে মিগুয়েলদের রাখা বেশ কঠিন। পাশাপাশি চোটপ্রবণ সাউলকে নিয়ে অনেকেই বিরক্ত। স্ট্রাইকার ইউসেফ এজেজ্জারির ভাগ্য সরু সুতোয় ঝুলছে। আইএসএলে টপ স্কোরার হলেও তাঁকে নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ম্যানেজমেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ