নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শতাধিক চিকিৎসকের বদলির নির্দেশ জারির পর এবার বদলির নির্দেশ জারি হল হাসপাতাল বা মেডিকেল কলেজ প্রশাসনে যুক্ত ১৮০ জন সহকারী এবং ডেপুটি সুপারের ক্ষেত্রে। দীর্ঘদিন কলকাতা এবং সংলগ্ন এলাকার হাসপাতালের দায়িত্বে থাকাদের দূরবর্তী জেলায় এবং দূরবর্তী জেলায় থাকা নন মেডিকেল এইসব প্রশাসকদের কলকাতা এবং সংলগ্ন জেলায় দায়িত্বে আনা হয়েছে। তবে ব্যতিক্রমও ঘটেছে কিছু ক্ষেত্রে। তা নিয়ে ক্ষোভ রয়েছে। এদিকে একসঙ্গে বহু মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে তিন-চারজন বা ততোধিক আধিকারিকদের সরিয়ে দেওয়ায় কাজকর্মে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। যদিও এই সমস্যা সাময়িক। নতুন দায়িত্বপ্রাপ্তরা জয়েন করলে সেই সমস্যা মিটবে। নতুন হাসপাতালের দায়িত্ব এবং পরিস্থিতি বুঝে নিতে কিছুদিন সময় লাগায় কাজকর্ম শ্লথ হওয়ার আশঙ্কাও আছে। মানিয়ে নেওয়ার সেই সমস্যাও কিছুদিনেই মিটে যাবে বলে আশা করছেন শীর্ষকর্তারা।



