নয়াদিল্লি: আজ, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোনাম ওয়াংচুকের অনশন ১৮ দিনে পড়ল। শিক্ষাবিদ তথা পরিবেশকর্মীর দেহের ওজন ইতিমধ্যে প্রায় ৯ কেজি কমেছে। বিপজ্জনকভাবে নেমেছে রক্তে শর্করার মাত্রা। এই পরিস্থিতিতে আন্দোলনে সংহতি জানিয়ে সোনামকে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সপা প্রধান অখিলেশ যাদবরা। সিজেপি প্রধান অভিজিৎ দিপকেও একই অনুরোধ জানিয়েছেন সোনামকে। তবে এখনও অনশনে অনড় এই পরিবেশকর্মী।
যন্তর মন্তরে সিজেপির আন্দোলনস্থলে ইতিমধ্যেই এসেছেন উদ্ধব থ্যাকারে, আতিশীর মতো রাজনৈতিক নেতারা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও সিজেপির আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার আন্দোলন মঞ্চে আসবেন বলে জানিয়েছেন তিনি। কেজরিওয়ালের বার্তা, ‘সোনাম অনশন প্রত্যাহার করুন। আন্দোলনের আরও অনেক পন্থা রয়েছে।’ একই অনুরোধ জানিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, ‘সোনাম ওয়াংচুকের জীবন গোটা বিশ্বের জন্য অমূল্য। দেশের গণতন্ত্রের পাশাপাশি পরিবেশ ও মানবতার জন্য তাঁর সুস্থতা জরুরি।’ সিজেপির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়োতে একই অনুরোধ করেছেন অভিজিৎ দিপকে। উত্তরে সোনাম বলেন, ‘আমায় এই অনুরোধ কোরো না। সরকারকে প্রশ্ন করো, এখনও কেন আলোচনায় বসল না?’ অন্যদিকে, সোনামকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন মমতা। আন্দোলনে পাশে থাকার বার্তাও দেন।
বাস্তবের র্যাঞ্চোর সমর্থনে বার্তা দিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘চতুর’ও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিয়ো বার্তা দেন অভিনেতা ওমি বৈদ্য। সোনামের সঙ্গে সাক্ষাৎ ও তাঁর জীবন নিয়ে তৈরি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। বাস্তবের র্যাঞ্চোর আন্দোলন ও শারীরিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ওমি। ‘চতুর’-র বার্তা, ‘আপনারা সোনামের সঙ্গে একমত কি না জানি না, তবে আমি ফুংসুখ ওয়াংডুকে মরতে দিতে চাই না।’ পাশাপাশি সোনামকে সমর্থন জানিয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক, জিনাত আমান, অভয় দেওয়ল, লেখিকা অরুন্ধতী রায়, নির্দেশক সঞ্জয় কাকের মতো বিশিষ্ট ব্যক্তিরা। যদিও পর্দার র্যাঞ্চো আমির খান এখনও এনিয়ে কেন কোনো মন্তব্য করলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। ছবি: পিটিআই