নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তম বেতন কমিশনের কাছে কোনো স্মারকলিপি বা মতামত অনলাইলনে তাদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই জমা দিতে হবে। জমা দিতে পারবে সরকারি কর্মী-আধিকারিক এবং পেনশনভোগীদের বিভিন্ন সংগঠন। চাইলে কেউ ব্যক্তিগতভাবেও কমিশনকে এভাবে অনলাইনে তাঁর বক্তব্য জানাতে পারবেন। এর জন্য সময়সীমা ধার্য করা হয়েছে ৩১ অক্টোবর। কমিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 7spc.wb.gov.in নামের পোর্টালটি ইতিমধ্যে চালু করেছে কমিশন। কমিশন জানিয়েছে, কেউ কমিশনের সঙ্গে দেখা করার জন্য সময় চাইলে সেটাও পোর্টালের মাধ্যমেই করতে হবে। কিন্তু অফলাইনে অফিসে গিয়ে, এমনকি ই-মেল করেও কোনো স্মারকলিপি বা তথ্য জমা দেওয়া যাবে না। যদিও পোর্টালটি খুলে দেখা যাচ্ছে, কমিশনের সঙ্গে দেখা করার সময় চাওয়ার জন্য যে ব্যবস্থা বা লিঙ্ক আছে তা বৃহস্পতিবার পর্যন্ত চালু হয়নি। তবে অনলাইনে স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। শুধু পোর্টালের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার যে ব্যবস্থা কমিশন চালু করেছে তা নিয়ে সন্তুষ্ট নয় সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা চাইছেন কমিশনের সঙ্গে সামনাসামনি দেখা করেই বক্তব্য জানাতে। এবার সেই সুযোগ মিলবে কি না সেটা বুঝতে পারছেন না তাঁরা।



