Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

এনসিইআরটির বইয়ে এবার অপারেশন সিন্দুর

এবার স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে ‘অপারেশন সিন্দুর’। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিশেষ মডিউল তৈরি করছে এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)।

এনসিইআরটির বইয়ে এবার অপারেশন সিন্দুর
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে ‘অপারেশন সিন্দুর’। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিশেষ মডিউল তৈরি করছে এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)। আট থেকে দশ পাতার এই বিশেষ মডিউলে প্রধানত দেশের প্রতিরক্ষা কৌশল এবং কূটনৈতিক সমীকরণের উপর আলোকপাত করা হবে। সেখানেই প্রসঙ্গক্রমে অপারেশন সিন্দুরের উল্লেখ থাকবে। শনিবার শিক্ষামন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, এই মডিউলের দু’টো পর্ব থাকবে। প্রথমটি স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য। এবং দ্বিতীয়টি নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে। দেশে সুরক্ষাজনিত সংশয় তৈরি হলে কেন্দ্র কীভাবে তার মোকাবিলা করে, বিশেষ ক্লাসরুম মডিউলের মাধ্যমে সেটিই বোঝানো হবে ছাত্রছাত্রীদের। এরই পাশাপাশি উদ্ভূত জরুরি পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা, কূটনীতি কীভাবে কাজ করে এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে কীভাবে সমন্বয় রক্ষা করা হয়, তারও পাঠ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। বিরোধীদের প্রশ্ন, ভারতীয় সেনার বীরত্বের কাহিনী সম্পর্কে স্কুলপড়ুয়াদের ওয়াকিবহাল করা ভালো বিষয়। কিন্তু আদতে এহেন বিশেষ মডিউলের মাধ্যমে মোদি সরকারের গুণগানেই ব্যস্ত থাকবে না তো কেন্দ্র?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ