নয়াদিল্লি: ‘অপারেশন সিন্দুর শেষ হয়নি। এখনও চলছে। সেনাকে সবসময় চূড়ান্ত প্রস্তুত থাকতে হবে। কোনও রকম শিথিলতার জায়গা নেই।’ শুক্রবার দিল্লিতে একটি ডিফেন্স সেমিনারে হাজির হয়ে সেনাবাহিনীকে এই বার্তা দিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান। গোটা বছর ধরেই চূড়ান্ত প্রস্তুতি বজায় রাখতে হবে বলে তিনি জানিয়েছেন।
দিল্লির সুব্রত পার্কে আয়োজিত হয়েছিল ডিফেন্স সেমিনারটি। সেখানে উপস্থিত ছিলেন অনিল চৌহান আরও বলেছেন, ‘ভবিষ্যতের সেনাকর্মীদের যুদ্ধকৌশলের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও শিক্ষাতেও সমান দক্ষ হতে হবে।’ ‘শস্ত্র’ বিদ্যার পাশাপাশি ‘শাস্ত্রেও’ (জ্ঞান) পারদর্শী হওয়ার পরামর্শ দিয়েছেন সিডিএস। জানিয়েছেন, যুদ্ধে কেউ দ্বিতীয় হয় না। যে কোনও সেনাকর্মীর সবসময় সতর্ক থাকা উচিত। ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা উচিত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত ৭ মে প্রত্যাঘাত হানে ভারত। তার পোশাকি নাম অপারেশন সিন্দুর। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। ইসলামাবাদও পাল্টা হামলা চালায়। তার উপযুক্ত জবাব দেয় ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতিতে সায় দেওয়া হয়। কিন্তু অপারেশন সিন্দুর বন্ধ হয়েনি, বারবার. হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।