নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ সালে কয়লা পাচারের মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারির সম্মতি দিল দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালত। সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির তরফে তৃণমূলের পলাতক যুব নেতার বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হয়। এরপরই তারি বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারির নির্দেশ দেয় আদালত। ২০২০ সালে গোরু পাচার মামলার এফআইআর হওয়ারপর কলকাতা ছেড়ে পালিয়ে যান বিনয় মিশ্র। পরে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরের নাগরিকত্ব নেন তিনি। ভারতীয় দূতাবাসে এদেশের পাসপোর্ট জমা দেন বিনয়। তাঁর বিরুদ্ধে জারি হয় ওয়ারেন্ট। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। ওয়ারেন্টের নির্দিষ্ট সময়সীমা থাকে। কিন্তু ওপেন ওয়ারেন্টের সময়সীমা নির্দিষ্ট নয়। বিনয় বিদেশে থাকায় তাঁকে ধরা সময়সাপেক্ষ। তাই ওপেন ওয়ারেন্টের আবেদন জানানো হয়েছিল।



