Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাকি আর ৬ দিন, সেলফ ইনিউমারেশন করেছেন মাত্র এক শতাংশ কলকাতাবাসী

সেন্সাসের সেলফ ইনিউমারেশন অর্থাৎ জনগণনায় স্ব-নথিভুক্তির ‘জনপ্রিয়তা’ বাড়াতে প্রথম থেকেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।

বাকি আর ৬ দিন, সেলফ ইনিউমারেশন করেছেন মাত্র এক শতাংশ কলকাতাবাসী
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্সাসের সেলফ ইনিউমারেশন অর্থাৎ জনগণনায় স্ব-নথিভুক্তির ‘জনপ্রিয়তা’ বাড়াতে প্রথম থেকেই নানা ধরনের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। শহরজুড়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পুরসভার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রচার চলছে। তাসত্ত্বেও স্ব-গণনায় কলকাতার ‘পারফরমেন্স’ ভালো নয়। অনলাইনে জনগণনায় ‘অংশ’ নিয়েছেন শহরের মাত্র ৫৩ হাজার নাগরিক! যেখানে এই শহরের স্থায়ী জনসংখ্যা কমপক্ষে ৫০-৫৫ লক্ষ ধরা হয়, সেখানে প্রথম ন’দিনে এত কম সংখ্যক নথিভুক্তি পুরকর্তাদের চিন্তা বাড়িয়েছে। বাকি আর মাত্র ছ’দিন। পুর প্রশাসন লাগাতার প্রচার চালিয়েও শহরবাসীকে এই কাজে আকৃষ্ট করতে পারছে না। অভিনব প্রচারে কখনও স্পাইডারম্যান, কখনও ফুচকাওয়ালা, কখনও পুলিশ— বিভিন্ন চরিত্রকে সামনে রেখে সেলফ ইনিউমারেশনে জোর দেওয়া হয়েছে। খোদ কলকাতায় এই চিত্র দেখা গেলেও বিপরীত ছবি জেলাগুলিতে। মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মানুষের মধ্যে স্ব-গণনার প্রতি আগ্রহ তুঙ্গে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় দ্রুতগতিতে এগচ্ছে এই কাজ।

Advertisement

কলকাতার বিভিন্ন জায়গায় সেলফ ইনিউমারেশন নিয়ে বিজ্ঞাপন দিয়েছে পুরসভা। পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিটের মতো জায়গায় বড়ো বড়ো ডিজিটাল ডিসপ্লে’তে চলছে স্ব-গণনার ভিডিয়ো বিজ্ঞাপন। সেই সঙ্গে পুরসভার ফেসবুক পেজেও চলছে লাগাতার প্রচার। এবার সেই প্রচারের অংশ হল স্পাইডারম্যান। এই ‘সুপারহিরো’ চরিত্রকে কাজে লাগিয়ে দেশের প্রথম ডিজিটাল আদমসুমারির স্ব-গণনাকে জনপ্রিয় করে তুলতে উঠেপড়ে লেগেছে কর্তৃপক্ষ। স্পাইডারম্যানের ছবি দেওয়া সেই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে বহু চর্চিত সিনেমার ডায়লগ, ‘উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি!’, স্পাইডারম্যানের মুখ দিয়ে বলানো হচ্ছে, ‘প্রত্যেক হিরোর একটা রেসপন্সিবিলিটি থাকে। আপনার সেটাই শুরু সেলফ ইনিউমারেশন দিয়ে...’। 
ফুচকাওয়ালা কলকাতাবাসীকে অনেক বেশি ‘কানেক্ট’ করে। তাই ফুচকাওয়ালার ছবি থেকে শুরু করে চায়ের দোকানের মাসি কিংবা পুলিশ, সকলের ছবি দিয়ে ট্যাগলাইন ‘আমিও সেলফ ইনিউমারেশন করেছি। আপনিও করছেন তো?’
জানা গিয়েছে, শেষ খবর অনুযায়ী এই মুহূর্তে কলকাতায় মাত্র ৫৩,২১২ জন নাগরিক সেলফ ইনিউমারেশনে অংশ নিয়েছেন। তার মধ্যে স্ব-গণনার কাজ পূরণ করেছেন ৪৬ হাজার ৩০৮ জন। ৬ হাজার ৯০৪ জন নাগরিক অনলাইনে তথ্য জমার কাজ শুরু করলেও শেষ করেননি। অর্থাৎ তাঁদের ১১ ডিজিটের আইডি তৈরি হয়নি। অন্যদিকে, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে দ্রুতগতিতে এগচ্ছে এই প্রক্রিয়া। মালদহে ৪ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ স্ব-গণনার কাজ শেষ করেছেন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা তিন লক্ষের বেশি। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায় দুই লক্ষাধিক মানুষ এই কাজ শেষ করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এসআইআরে এই জেলাগুলিতে তুলনামূলকভাবে অনেক বেশি নাম বাদ গিয়েছিল। সেক্ষেত্রে কি মানুষের মধ্যে কোথাও এ নিয়ে ভয়-ভীতি কাজ করছে, যার জন্য তাঁরা দ্রুত অনলাইনে তথ্য আপলোড করছেন? সরকারি মহলে এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শহরতলির জেলার মধ্যে হাওড়া, হুগলির হাল কলকাতার মতোই ‘খারাপ’ বলে জানা গিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ