নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্বচ্ছতা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই অনলাইন পর্যটন পারমিটের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার এমনটাই জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে স্টেক হোল্ডারদের নিয়ে এদিন বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সিকিমের সংরক্ষিত এলাকাগুলিতে পর্যটকদের জন্য অনলাইন পারমিট সরকার কেন চালু করতে চাইছে, তা তুলে ধরেন পর্যটন দপ্তরের আধিকারিকরা।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিকিমের মুখ্যমন্ত্রী বলেন, অনলাইন পর্যটন পারমিট এখনও চালু হয়নি। আলোচনার স্তরে রয়েছে। অযথা এটা নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এই অনলাইন পর্যটন পারমিট ব্যবস্থা চালু হলে উপকৃত হবেন স্টেক হোল্ডাররা। পাশেপাশি পারমিট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। সেইসঙ্গে সরকারের রাজস্ব ক্ষতি বন্ধ হবে। সিকিমের মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে সেরাজ্যে যত সংখ্যক পর্যটক আসেন এবং পর্যটন থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তার মধ্যে যথেষ্টই ফারাক আছে। পর্যটন ক্ষেত্র থেকে যে রাজস্ব আদায় হয়, তা দিয়ে পরিকাঠামো উন্নয়ন সহ রাজ্যের সামগ্রিক উন্নয়নে ব্যবহার করা হয়। ফলে পর্যটনে রাজস্ব ফাঁকি বন্ধ হওয়া দরকার। এজন্য অনলাইন পারমিট ব্যবস্থা দারুণ কার্যকর হতে পারে। এতে অপ্রয়োজনীয় মধ্যস্থতাকারীর ভূমিকা যেমন কমবে, তেমনই পারমিট প্রদানের কাজ দ্রুততর করা যাবে। এতে পর্যটকদেরও কোনোরকম ঝামেলা পোহাতে হবে না।