নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার থেকে ২০২৬-২৮ সালের ডি এল এড কোর্সের অনলাইন ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ (ক্ষেত্র বিশেষে ছাড় রয়েছে) দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে। অন্যকোনো উপায়ে ভরতি নিতে পারবে না কলেজগুলি। ১৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। তবে, একজন প্রার্থী ডি এল এড যে ভাষা মাধ্যমে করতে চাইছেন, তাঁকে উচ্চ মাধ্যমিকে সেই ভাষায় ১০০ নম্বরের পেপার থাকতে হবে। ডি এল এড কলেজগুলিকেও সুনির্দিষ্টভাবে ভাষা মাধ্যমে ভাগ করা হয়েছে। এর বাইরে অন্য মাধ্যমের পড়ুয়াদের ভরতি নিতে পারবে না তারা। তবে সূত্রের খবর, মোট প্রায় ৬০০ কলেজের অন্তত অর্ধেকের অনুমোদন সংক্রান্ত জটিলতা রয়েছে। সেগুলি এই ধাপে শর্তসাপেক্ষে পড়ুয়া ভরতি নিতে পারবে কি না, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। বিষয়টি জানতে চাওয়ার জন্য ফোন করা হয় পর্ষদের সচিব রঞ্জন ঝাকে। তবে তিনি ফোন তোলেননি।



