নয়াদিল্লি, ২৮ আগস্ট: পেঁয়েজের দাম ছাড়িয়েছে ৫০ এর গণ্ডি। এই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে এবং রাজধানী দিল্লি ও আশপাশের শহরগুলিতে সরবরাহ বাড়াতে কেন্দ্রের উদ্যোগে চালু হওয়া ‘কান্দা এক্সপ্রেস’ এর প্রথম রেক শুক্রবার পৌঁছল দিল্লিতে। মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ৪৫৩.৬৫ টন পেঁয়াজ নিয়ে ২১টি ওয়াগনের বিশেষ ট্রেনটি আজ রাজধানীতে পৌঁছয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ‘কান্দা এক্সপ্রেস’ দিল্লিতে বুধবার পৌঁছনোর কথা ছিল। কিন্তু নাসিকে কয়েকটি গোষ্ঠীর প্রতিবাদের কারণে ট্রেনটি ছাড়তে দেরি হয়। পরে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর নাসিক থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন, নাসিকে সংরক্ষিত এই পেঁয়াজ দিল্লি-এনসিআর এলাকায় প্রতি কেজি ৩৫ টাকা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। চণ্ডীগড়, লুধিয়ানা ও জম্মুর মতো নিকটবর্তী শহরগুলিতেও পাঠানো হবে এই পেঁয়াজ। বর্তমানে কেন্দ্রের কাছে প্রায় ১.২১ লক্ষ টন পেঁয়াজের বাফার স্টক রয়েছে। এই পেঁয়াজ বাজারে পৌঁছলেই দিল্লিতে খুচরো পেঁয়াজের দাম আগামী এক সপ্তাহের মধ্যে কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, শুধু দিল্লি নয় দেশের অন্যান্য শহরেও বাফার স্টকের পেঁয়াজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। শুক্রবার চেন্নাইয়ের উদ্দেশে আরও একটি ‘কান্দা এক্সপ্রেস’ পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। রপর পর্যায়ক্রমে মাদুরাই, এরনাকুলাম ও গুয়াহাটির উদ্দেশেও এই ট্রেন পাঠানো হবে।
ভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লিতে পেঁয়াজের খুচরো দাম এক বছরে ৮৮ শতাংশ বেড়ে কেজিপ্রতি ৬২ টাকাতে গিয়ে ঠেঁকেছে। যেখানে গত বছর একই সময়ে এই দাম ছিল ৩৩ টাকা। তবে দাম বাড়লেও দেশে পেঁয়াজের জোগান নিয়ে আপাতত উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন নিধি খারে।