নয়াদিল্লি: ‘দেশে এক রকম কথা বলেন, আর বিদেশে গিয়ে অন্য কথা বলছেন।’ আরএসএস প্রধান মোহন ভাগবতকে এই ভাষাতেই আক্রমণ করলেন আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। শনিবার আমেরিকার নিউ ইয়র্কের অনুষ্ঠানে ভাগবত বলেন, ‘কোনো হিন্দু যদি ভেবে থাকেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দুই নন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের ডিএনএতে রয়েছে।’ সংঘ প্রধানের এই বার্তার পরেই স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। আরএসএসের অনুষ্ঠান নিয়ে নিউ ইয়র্কে যে তুমুল বিক্ষোভ শুরু হয়েছিল, তার প্রেক্ষিতেই ভাগবতের এমন বার্তা কি না, তা নিয়েও চর্চা চলছে। সিবালের বক্তব্য ‘আমি বুঝতেই পারছিলাম না যে, রাহুল গান্ধীর বক্তব্য শুনছি নাকি মোহন ভাগবতের! এটাই হল হিন্দুত্বের বাস্তবতা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল, ২০১৪ সাল থেকে ভারতে এমন এক পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে যেখানে মানুষকে বাঁচতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এরপরই সিবালের কটাক্ষ, ‘আপনি যখন নিউ ইয়র্কে থাকেন, তখন ভারত একে অন্যের পাশে দাঁড়ানোর কথা ভাবে। কিন্তু আপনি দিল্লিতে থাকেন, তখন এই অনুভূতি আর থাকে না।’ সাংসদের প্রশ্ন, ‘যখন গণপিটুনির ঘটনা ঘটে, তখন কি আপনি ভুক্তভোগীদের জন্য কোনো সহানুভূতি অনুভব করেন? গণপিটুনির শিকার হওয়া মানুষদের বিষয়ে আপনি কি কখনো কিছু বলেছেন? আপনি কি কখনও এর সমালোচনা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে, আমার দেশে কেন এমনটা ঘটছে?’



