Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জল নিয়ে বিবাদ, স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর দুই ভাগ্নের গুলির লড়াইয়ে হত ১

নিছক কলের জল নিয়ে দাদা-ভাইয়ের বিবাদ। আর সেই পারিবারিক বিবাদের কারণে গুলি বিনিময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের মধ্যে।

জল নিয়ে বিবাদ, স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর দুই ভাগ্নের গুলির লড়াইয়ে হত ১
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: নিছক কলের জল নিয়ে দাদা-ভাইয়ের বিবাদ। আর সেই পারিবারিক বিবাদের কারণে গুলি বিনিময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের মধ্যে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বিহারের ভাগলপুরে এই ঘটনার জেরে কেন্দ্রীয় মন্ত্রীর এক ভাগ্নের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ অপর ভাগ্নে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুই ছেলের বিবাদ থামাতে গিয়ে গুলিতে জখম হয়েছেন নিত্যানন্দ রাইয়ের তুতোবোনও।

Advertisement

ভাগলপুরের নৌগাছিয়ায় অবস্থিত জগৎপুর গ্রামে মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের বোনের বাড়ি। সেখানেই থাকেন তাঁর দুই ভাগ্নে। নৌগাছিয়ার পুলিস সুপার প্রেরণা কুমারী বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলের জল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ চরমে ওঠার পর এক ভাই অপর ভাইকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তিনিও গুলি চালান। এই ঘটনায় নিহত ভাইয়ের নাম বিশ্বজিৎ যাদব। জখম হয়ে হাসপাতালে ভর্তি অপর ভাই জয়জিৎ যাদব। ঘটনাস্থল থেকে একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা খোল উদ্ধার হয়েছে। এসএইচও শম্ভু পাসোয়ান বলেন, এদিন সকালে কল থেকে জল ভরা নিয়ে প্রথমে বিবাদ শুরু হয় বিশ্বজিৎ ও জয়জিতের স্ত্রীদের মধ্যে। পরে সেই বিবাদে জড়িয়ে পড়েন দুই ভাইও। জয়জিৎ বলেন, কল তাঁর। বিশ্বজিৎ সেখান থেকে জল নিতে পারবেন না। আর তার জেরেই পরস্পরকে গুলি চালানোর এই ঘটনা। প্রথমে গুলি চালান বিশ্বজিৎ। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালান জয়জিৎও। দুই ভাইয়ের বিবাদ থামাতে এসে গুলিবদ্ধ হন তাঁদের মা হিনাদেবীও। তাঁর হাতে গুলি লাগে। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ