নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাইক দুর্ঘটনা হার মানাল সিনেমাকে। জখম বাইক চালক পড়ে রইলেন রাস্তার উপর। আর বাইকটি প্রায় উড়ে গিয়ে ৫০ ফুট দূর থাকা একটি তিন ফুট পাঁচিল টপকে পড়ল গিয়ে রাস্তার পাশে থাকা বাড়িতে। জখম সুপ্রিয় মল্লিক (২৫) বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। সাধারণত সিনেমাতেই দেখা যায় বাইক বা বড় গাড়ি নিয়ে উড়ে যেতে। বৃহস্পতিবার রাতে অশোকনগরের ঘটনায় অনেকেই তাজ্জব।
জানা গিয়েছে, অশোকনগরের জিরাট রোড প্রতি রাতে বেপরোয়া গতিতে গাড়ি বা বাইক চলত। প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই, দুর্ঘটনা এড়াতে জিরাট রোডে হাম্পের দাবি তোলেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে জিরাট রোড সংলগ্ন সংহতি পার্ক এলাকায় বৃহস্পতিবার দু’টি হাম্প বসানো হয়। রাত সাড়ে ১১টার সময় সুপ্রিয় ওই রাস্তা ধরে বাইক নিয়ে আসছিলেন দ্রুত গতিতে। সদ্য হাম্প বসানোর বিষয়টি না জানার ফলে তিনি বাইকের গতি নিয়ন্ত্রণ করেননি। ফলে, দ্রুতগতির বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। বাইকটি উড়ে গিয়ে পড়ে প্রায় ৫০ ফুটের বেশি দূরে রাস্তার ধারের বাড়ির প্রাচীর টপকে। বিকট শব্দে ঘুম থেকে বাড়ির মালিক ও প্রতিবেশীরা বিষয়টি দেখে হতবাক। অশোকনগর থানার পুলিস এসে জখম চালককে উদ্ধার করে নিয়ে আসেন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম সুপ্রিয়র মা আরতি মল্লিক বলেন, ওর হাত, মুখ ভেঙে গিয়েছে। জানি না কীভাবে এটা হল।
(ছবি-কুমার বসু)



