নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে নাম বাদ পড়া ভোটারদের আবেদন নিয়ে ট্রাইব্যুনালের গতিপ্রকৃতি সম্পর্কে সুপ্রিম কোর্ট তথ্য তলব করেছে নির্বাচন কমিশনের কাছে। গড়িমসি নিয়ে ভর্ৎসনা করে কতদিনে নিষ্পত্তি, কমিশনকে সেই প্রশ্নও করেছে শীর্ষ আদালত। তারই মধ্যে এবার দিল্লিতে এসআইআরে নাম বাদ পড়ার সম্ভাব্য বহর ঘিরে প্রশ্ন উঠে গেল। সোমবার দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় দেখা যাচ্ছে, রাজধানীর মোট ১ কোটি ৪৫ লক্ষ ভোটারের মধ্যে ৪৭ লক্ষ ৭০ হাজারের নাম বাদ পড়েছে। অর্থাৎ দিল্লিতে এদিন প্রকাশিত খসড়া তালিকায় এক-তৃতীয়াংশ ভোটারের নামই নেই। বাদ পড়েছেন প্রতি তিনজনের মধ্যে একজন ভোটার। সরকারি সূত্রেই দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে, তার মধ্যে শতাংশের নিরিখে (৩৩ শতাংশ) দিল্লিতেই সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, দেশের রাজধানী হিসাবে দিল্লিতে ফ্লোটিং পপুলেশন’ বা অস্থায়ী বাসিন্দার সংখ্যা বেশি। এত নাম বাদ পড়ার এটা কারণ হতে পারে। যদিও কমিশনের এই যুক্তিতে চিঁড়ে ভিজছে না। বিষয়টি সামনে আসার পর সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তীব্র আক্রমণ করেছেন। এক্স হ্যান্ডলে তাঁর কটাক্ষ, এসআইআর-এর অধীনে দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। দেড় কোটি ভোটারের মধ্যে ৪৭ লক্ষ ভোটারের নাম অনুপস্থিত। ভারত সরকার জনসংখ্যা নিয়ে অহেতুক চিন্তিত। এসআইআর-এর মাধ্যমে নির্বাচন কমিশন আমাদের দেশের জনসংখ্যা ১৪০ কোটি থেকে কমিয়ে ৫০ কোটিতে নামিয়ে আনবে।



